সিলেটে ছাত্রলীগ নেতাসহ পাঁচজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে এক পাথর ব্যবসায়ীকে মারধর করার অপরাধে মহানগর ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক (বহিষ্কৃত) লুৎফুর রহমানসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সিলেটের যুগ্ম মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইয়াছিন আরাফাত গতকাল বুধবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত বাকি চার আসামি হলেন বিমানবন্দর থানার বড়শালা গ্রামের নজমুল ইসলাম ওরফে রায়হান (২৪), একই থানার সালেহপুর গ্রামের আলম মিয়া ওরফে আলম (২৫), জাবেদ হোসেন (২৫) ও মংলীরপারের ফরিদ উদ্দিন (৩২)। এর মধ্যে লুৎফুর ও রায়হানকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বাকি তিন আসামিকে দুই থেকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় সব আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার অপর চার আসামি জহিরুল, জমির, আল-আমিন ওরফে মনা ও শাহ আলম নামের চারজনকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর দুপুরের দিকে বিমানবন্দর থানার বড়শালা আবাসিক এলাকার ফয়জুল হক খানের বাসার সামনে পাথর ব্যবসায়ী গনি মিয়াকে (৩৫) আটক করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন আসামিরা। টাকা না দেওয়ায় আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে মারধর করে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় গনি মিয়ার ছোট ভাই কাহির মিয়া বাদী হয়ে লুৎফুরসহ নয়জনকে আসামি করে বিমানবন্দর থানায় মামলা করেন। ওই বছরের ৩০ নভেম্বর থানার পরিদর্শক (তদন্ত) মো. নূরুল আলম লুৎফুরসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৬ সালের ১৪ মার্চ আদালতে অভিযোগ গঠনের পর বিচারকার্য শুরু হয়।