সিলেটে ছাত্রলীগের ক্যাডারসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জিন্দাবাজারে নেহার মার্কেটে স্বর্ণের দোকানে লুটপাটের ঘটনায় জড়িত সন্দেহে ছাত্রলীগের ক্যাডার তিলক চৌধুরীসহ তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে নগরের বন্দরবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ব্যবহূত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার অন্য দুজন হলেন ঢাকার পল্লবীর বাসিন্দা হাফিজ আল-মিসবাহ (২৫) ও সিলেটের ওসমানী নগরের মামুন আহমদ (২৪)।
ছাত্রলীগের ক্যাডার হিসেবে পরিচিত তিলকের বিরুদ্ধে থানায় ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে। ঘটনার পর থেকে তাঁর সন্ধান পাওয়া যায়নি। তবে পুলিশ তাঁর সন্ধানে তৎপর ছিল। তিলকের বাসা নগরের মির্জা জাঙ্গাল এলাকায়।
পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর নেহার মার্কেটে বোমা মেরে ও গুলি ছুড়ে স্বর্ণের দোকানে লুটপাট চালানো হয়। গুলিতে বিপণিবিতানের নিরাপত্তাকর্মী বাদশা মিয়া নিহত হন। এ ঘটনায় ডাকাতির মামলা হলে পুলিশের একাধিক দল তদন্ত শুরু করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ সৈয়দ ইমরোজ তারেক বলেন, তিলকের ডান হাত, বুকের বাম দিক, বাহু ও গলার বিভিন্ন অংশে পোড়া দাগ রয়েছে।
পুলিশ এ থেকে ধারণা করছে, স্বর্ণের দোকানে ডাকাতির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে। এসব ক্ষতের কারণ সম্পর্কে তিলকও নিশ্চিত করে কিছু বলতে না পারায় সন্দেহ বেড়েছে। তিনজনকেই এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।