সিলেটে জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়ার প্রায় তিন মাসের মাথায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা ও মহানগরের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এদিকে এ কমিটি বাতিলের দাবিতে গতকাল বিকেলে নগরে ঝাড়ুমিছিল করেছে ছাত্রলীগের একাংশ।ছাত্রলীগ সূত্র জানায়, গত ১০ জুলাই সিলেট এমসি কলেজের শিক্ষার্থী ছাত্রলীগের কর্মী উদয়েন্দু সিংহ সংগঠনের কর্মীদের হাতে খুন হওয়ার পরদিন ছাত্রলীগের জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করা হয়। এর পর থেকে নতুন কমিটির জন্য সিলেটে ছাত্রলীগের চারটি পক্ষ তৎপরতা শুরু করে। এ অবস্থায় কেন্দ্রীয় নেতারা চারটি পক্ষের সমঝোতার ভিত্তিতে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে পংকজ পুরকায়স্থ এবং ফরহাদ হোসেন খান, মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে রাহাত তরফদার এবং ইমরুল হাসানের নাম ঘোষণা করেন। জেলা থেকে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য হিসেবে ফরিদ আহমেদ ও রুমেন আহমেদের নাম ঘোষণা করা হয়।জেলা কমিটির নতুন সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান ও নগর কমিটির সভাপতি রাহাত তরফদার প্রথম আলোকে জানান, গতকাল কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাঁরা বিষয়টি জানতে পেরেছেন। এদিকে কাউন্সিল ছাড়া সমঝোতার মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করায় বিকেলে ছাত্রলীগের একাংশের কয়েকজন নেতা-কর্মী নগরে ঝাড়ুমিছিল করেন। বিকেল সাড়ে চারটায় রিকাবিবাজার মোড় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলকারী ব্যক্তিরা কমিটি বাতিলের দাবি জানিয়ে স্লোগান দেন। মিছিলটি নগরের তালতলা, জিন্দাবাজার, চৌহাট্টা মোড় ঘুরে রিকাবিবাজার গিয়ে পথসভায় মিলিত হয়। আবদুল খালিকের সভাপতিত্বে পথসভায় তোফায়েল আহমদ তালুকদার, নূর মোহাম্মদ, তানভীর সারোয়ার চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।বহিষ্কৃত ও অছাত্রদের নিয়ে কমিটি করা হয়েছে দাবি করে রাতে জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক পলাশ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় বসে টাকার বিনিময়ে এ কমিটি করা হয়েছে। ছাত্রলীগের তৃণমূলের কর্মী-সমর্থকেরা এ কমিটি মানে না। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জগলু চৌধুরী বলেন, নতুন কমিটি ঘোষণার বিষয়টি তিনি শুনেছেন। পদবঞ্চিত হয়ে কারা বিক্ষোভ করেছে, সে ব্যাপারে তিনি অবহিত নন।