সিলেটে ছাত্রলীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া, গোলাগুলি
সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদকের পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে।
গতকাল রোববার বিকেলে নগরের তালতলা এলাকায় দুই পক্ষের ধাওয়া চলাকালে গোলাগুলির ঘটনাও ঘটে। দলীয় সূত্র জানায়, আধিপত্য নিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান ও নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক পীযূষ কান্তি দের পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গতকাল বিকেলে তালতলায় ফরহাদের পক্ষের একজন কর্মীকে পীযূষ দের পক্ষ মারধর করলে এ নিয়ে দুই পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তালতলা এলাকায় দুই পক্ষ বিকেল পাঁচটার দিকে অবস্থান নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া করে। সন্ধ্যা ছয়টার দিকে এক পক্ষ ফাঁকা গুলি করলে খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানার পুলিশ তালতলায় গেলে দুই পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ নাসির উদ্দিন মোহাম্মদ জানান, পাল্টাপাল্টি ধাওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। গোলাগুলির খবর পেয়ে তদন্ত করা হচ্ছে বলে বলে ওসি জানান।
পীযূষ জানান, তাঁর পক্ষের এক কর্মীকে লাঞ্ছিত করার ঘটনায় ফরহাদ পক্ষের কিছু অস্ত্রধারী সন্ত্রাসীকে প্রতিহত করতে সেখানে ছাত্রলীগের কিছু সদস্য সমবেত হয়েছিলেন। তবে প্রতিপক্ষ না পাওয়ায় তাঁরা ফিরে গেছেন।
রাত সাড়ে নয়টায় যোগাযোগ করলে ঘটনাটি দলীয় বিষয় নয় জানিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ প্রথম আলোকে বলেন, তালতলা এলাকায় একটি সিনেমা হলের ব্ল্যাকারদের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। ছাত্রলীগের কোনো পক্ষ সেখানে ছিল না।