সিলেটে ছাত্রলীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া
সিলেট শহরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার শহরের চৌহাট্টা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আশপাশের সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে ছাত্রলীগের জেলা ও মহানগর কমিটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরের চৌহাট্টা এলাকায় পৌঁছানোর পর মিছিলের সামনের সারিতে অবস্থান করা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে এক পক্ষের লোকজন চাপাতি দিয়ে কুপিয়ে রাজীব (২২) নামের এক কর্মীকে আহত করেন। এই ঘটনার জের ধরে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া শুরু করে। এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরীসহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান বলেন, মিছিলে সামনে থাকা নিয়ে লোকজনের মধ্যে সামান্য হাতাহাতি হয়। এটা বিচ্ছিন্ন ঘটনা।