সিলেটে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। জালালাবাদ গ্যাসের সিবিএ নেতা আবু তাহের নিহত হওয়ার ঘটনায় মিছিল ও বাজেটকে স্বাগত জানিয়ে অপর আরেকটি মিছিল মুখোমুখি হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজেটকে স্বাগত জানিয়ে সন্ধ্যা ছয়টায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছিল। অপরদিকে একই সময় জাতীয় শ্রমিক লীগের ব্যানারে আবু তাহের হত্যাকাণ্ডে একটি শোক মিছিল নগরের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস ভবনের কার্যালয় থেকে শহীদ মিনারের দিকে রওনা হয়। মিছিলটি জিন্দাবাজারের আলহামরা বিপণিবিতানের কাছে পৌঁছামাত্র বাজেটকে স্বাগত জানিয়ে আসা মিছিলটি মুখোমুখি হয়ে পড়ে।এ সময় নগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রণজিত সরকার ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিধান সাহার পক্ষের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে লিটন আহমদ (৩২), মোস্তাফিজুর রহমান (২৬), কামরুল ইসলাম (১৯) ও আবদুল হাদী (২৫) নামে চার ছাত্রলীগের কর্মীকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনারে দুটো মিছিল এক হয়ে একটি মিছিল বের হওয়ার কথা ছিল। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, জেলা সভাপতি আ ন ম শফিকুল হক, সহসভাপতি আবদুজ জহির চৌধুরী, সাধারণ সম্পাদক ইফতেখার হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা সংঘর্ষ শুরু হলে ঘটনাস্থল থেকে চলে যান। সংঘর্ষের ছবি তুলতে গেলে বিটিভির চিত্রগ্রাহক শেখ নাসিরের ক্যামেরা ভাঙচুর করেন ছাত্রলীগের কর্মীরা। একইভাবে একুশে টেলিভিশনের এফ এম মুন্না ও স্থানীয় দৈনিক যুগভেরীর নিজস্ব আলোকচিত্রী ইকবাল মুন্সির ব্যবহূত মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ঘটনা সম্পর্কে রণজিত সরকারের পক্ষে ছাত্রলীগের সরকারি কলেজ শাখার সভাপতি দেবাংশু দাস জানান, শোক মিছিল জিন্দাবাজার যাওয়ার পর বিধান সাহার পক্ষ ইচ্ছাকৃতভাবে হামলা করেছে। পরে পাল্টা ধাওয়া করে তাঁদের বিতাড়িত করা হয়েছে। অপরদিকে বিধান কুমার সাহা জানান, বাজেটকে স্বাগত জানিয়ে মিছিলে হামলাকারীদের প্রতিহত করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি জগলু চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত জানান, উভয় পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশের তাত্ক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।