সিলেটে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০
সিলেট ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। নগরের টিলাগড় এলাকায় গতকাল রোববার দুপুরে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার পর সংঘর্ষ হয়। দুই পক্ষের আধিপত্য নিয়ে সংঘর্ষে মহানগর ছাত্রলীগের সহসভাপতিসহ ১০ জন আহত হন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে কয়েকজন পথচারীকে ধাওয়া করে জেলা ছাত্রলীগের সভাপতি পঙ্কজ পুরকায়স্থের পক্ষ। এ সময় ছাত্রলীগের এক নেতার মালিকানাধীন মিষ্টির দোকানের এক কর্মচারীকে মারধর করা হয়। এ ঘটনা নিয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষ পাল্টাপাল্টি ধাওয়া শুরু করলে টিলাগড় এলাকা ও পাশে এমসি কলেজ ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে টিলাগড় এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মহানগর ছাত্রলীগের সহসভাপতি আজির উদ্দিন, ছাত্রলীগের কর্মী সুশান্ত দাসসহ উভয় পক্ষে ১০ জন আহত হন। আহত ব্যক্তিরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলোকে জানান, দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছিল। কিন্তু কোনো পক্ষকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। মৃদু সংঘর্ষ হয়েছে জানিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি পঙ্কজ পুরকায়স্থ বলেন, ‘নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে এ রকম হয়। কোথাও বসে ভুল বোঝাবুঝি নিষ্পত্তি করার চেষ্টা করছি।’ কী নিয়ে ভুল বোঝাবুঝি—এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ছাত্রলীগের এই নেতা।