সিলেটে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট মহানগরে গতকাল রোববার সন্ধ্যায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। তাঁদের একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের গাড়ি পার্কিংয়ের টাকার ভাগবাটোয়ারা নিয়ে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে। ছাত্রলীগের একটি সূত্রে জানা গেছে, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিধান কুমার সাহার পক্ষের কর্মীরা মহাজোট ক্ষমতায় আসার পর থেকে বিমানবন্দরের পার্কিং এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের টাকা আদায় করে আসছিল। গতকাল বিকেলে বিধানের পক্ষের কর্মীদের দুই পক্ষের মধ্যে ওই টাকার ভাগ নিয়ে বচসা হয়। এর জের ধরে সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে রোকন আহমদ (২৫) ছুরিকাহত হন। আহত হন আরও দুজন। পরে রোকনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম এ হান্নানের ভাই।