সিলেটে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ
সিলেটে ছাত্রলীগের দুই পক্ষে দুই দফা সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেটের মদনমোহন কলেজ ক্যাম্পাস ও নগরের জল্লারপাড় এলাকায় সংঘর্ষে উভয় পক্ষে সাতজন নেতা-কর্মী আহত হয়েছেন। বিক্ষুব্ধ একটি পক্ষ দোকান ও গাড়ি ভাঙচুর করেছে।গত রোববার রাত সাড়ে আটটায় সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে শিবির-ছাত্রলীগ সংঘর্ষের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগ শিবিরবিরোধী বিক্ষোভ মিছিল বের করলে টিলাগড় এলাকায় দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বন্দুকের ছররা গুলিতে ১০ জন নেতা-কর্মী আহত হন।গতকালের ঘটনা সম্পর্কে দলীয় সূত্র জানায়, এমসি কলেজ ছাত্রাবাসে আগুন দেওয়ার ঘটনায় প্রতিবাদ কর্মসূচি হিসেবে বেলা দুইটায় ছাত্রলীগ মদনমোহন কলেজ ক্যাম্পাসে সংগঠিত হয়। এ সময় নেতৃত্বের আধিপত্য নিয়ে মহানগর ছাত্রলীগের পীযূষ দে ও মদনমোহন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক অরুণ দেবনাথের নেতৃত্বে দুই পক্ষ ক্যাম্পাসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া করে বিতাড়িত করতে গিয়ে দুই পক্ষ ক্যাম্পাসছাড়া হয়ে পড়ে। নগরের জল্লারপাড় এলাকায় এক পক্ষ আশ্রয় নিলে সেখানে আরেক দফা সংঘর্ষ হয়। জল্লারপাড়ে পীযূষের ব্যক্তিগত কার্যালয়, দুটি দোকান ও একটি প্রাইভেট কার ভাঙচুর করে ছাত্রলীগের একটি পক্ষ। দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষে সাতজন আহত হন। এর মধ্যে রুমেল আহমদ (২২) ও সুমন আহমদ (২৫) নামে দুই কর্মীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কার্জন ও আলীম নামের আরও দুজন কর্মী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।সিলেট কোতোয়ালি থানাধীন লামাবাজার ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খসরুল আলম জানান, দ্বন্দ্বের জের ধরে মদনমোহন কলেজ ক্যাম্পাসে নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।অরুণ দেবনাথ জানান, প্রতিবাদ কর্মসূচির আয়োজন করলে পীযূষ দের পক্ষে একদল বহিরাগত কর্মসূচিতে একাত্ম হতে চাইলে কথাকাটাকাটি হয়। এর জের ধরে পীযূষের পক্ষের কর্মীরা সংগঠিত হলে তাঁদের ধাওয়া করে ক্যাম্পাসছাড়া করা হয়। সংঘর্ষের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ কর্মসূচি আর পালন সম্ভব হয়নি বলে অরুণ দেবনাথ স্বীকার করেন।মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পীযূষকে পাওয়া যায়নি।