সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, গুলি
সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বুধবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গুলির ঘটনা ঘটেছে। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান সভাপতির সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানান, দুপুর ১২টার দিকে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিরন মাহমুদ পক্ষের এক কর্মীকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থর লোকজন মারধর করেন। পরে কলেজ ক্যাম্পাসে সশস্ত্র মহড়া দেন পংকজের পক্ষের কর্মীরা। বেলা আড়াইটার দিকে হিরন পক্ষের নেতা-কর্মীরা ক্যাম্পাসে গিয়ে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়। তবে ক্যাম্পাসে গুলি করা নিয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে। হিরন মাহমুদ অভিযোগ করে বলেন, পংকজ আধিপত্য বিস্তারের জন্য নিজেই অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ফাঁকা গুলি ছোড়েন। পংকজ পুরকায়স্থ দাবি করেন, হিরনের উপস্থিতিতেই তাঁর লোকজন ওই গুলি চালিয়েছেন। শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দুই পক্ষ ক্যাম্পাস ত্যাগ করে।