সিলেটে ছাত্রলীগের মিছিলের সময় আল হামরায় ইটপাটকেল নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে জামায়াত নেতাদের মালিকানার বহুতল বিপণিবিতান আল হামরা শপিং সিটিতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। গত বুধবার দুপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল চলাকালে এ ঘটনা ঘটে। নিক্ষিপ্ত ইটে বিপণিবিতানের সামনের কাচ ভেঙে যায় ও একটি ক্যাপসুল লিফট ক্ষতিগ্রস্ত হয়। কর্তৃপক্ষের দাবি, এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ছাত্রলীগ নেতারা দাবি করেছেন, তাঁদের কেউ ইটপাটকেল ছোড়েনি, অন্য কেউ তা করে থাকতে পারে।প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের হাতে ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে বুধবার দুপুরে নগরের রেজিস্ট্রি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রলীগ। মিছিলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, মদনমোহন কলেজ ও সরকারি কলেজের ছাত্রলীগ নেতা-কর্মীরা অংশ নেন। দুপুর প্রায় দুইটায় মিছিলটি জিন্দাবাজার দিয়ে যাওয়ার সময় আল হামরা মার্কেটে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে বিপণিবিতানের একটি ক্যাপসুল লিফটেও এলোপাতাড়ি ঢিল ছোড়া হয়। সিলেটের দক্ষিণ জেলা জামায়াতের আমির আবদুল হান্নান ওই বিপণিবিতানের ব্যবস্থাপনা পরিচালক। ১৩ তলা ভবনটি বিগত চারদলীয় জোট সরকার আমলে নির্মিত হয়েছিল। যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান বলেন, ‘এটি একটি ব্যবসায়িক বিপণিবিতান। কেবল জামায়াত নয়, অন্যান্য দলের নেতারাও এতে সংশ্লিষ্ট রয়েছেন। কিন্তু শিবিরের সঙ্গে সংঘর্ষের অজুহাতে এটিকে বারবার ক্ষতিগ্রস্ত করা হয়।’ এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেন। হামলার ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি জগলু চৌধুরী বলেন, তাঁরা শান্তিপূর্ণভাবে মিছিল করেছেন। মিছিল চলাকালে মার্কেটে কোনো হামলা হয়নি। তাঁদের মিছিল শেষে কে বা কারা মার্কেটে হামলা করেছে। এর সঙ্গে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই।