সিলেটে ছাত্রলীগের ৬০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-তামাবিল সড়ক অবরোধের সময় ছাত্রলীগের সঙ্গে র‌্যাব-পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় ছাত্রলীগের ৬০ নেতা-কর্মীকে আসামি করে মামলা হয়েছে।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে গত রোববার রাতে নবগঠিত সিলেট শাহপরান থানায় এ মামলা করেন। র‌্যাবের হাতে আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে নগরের ধোপাদিঘীরপাড় এলাকার হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে তাণ্ডব চালান ছাত্রলীগের কর্মীরা। এ সময় ছাত্রলীগের মোশাহিদ আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। এ গ্রেপ্তারের প্রতিবাদে গত রোববার দুপুরে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করা হয়। এ সময় অবরোধকারীরা র‌্যাব ও পুলিশকে ধাওয়া করলে পুলিশের লাঠিপেটায় ছাত্রলীগের কর্মী জাহাঙ্গীর, কাজী রাজু, বেলাল, রায়হান, আলতাফসহ ১০ জন আহত হন। ছাত্রলীগের হামলায় সিলেট কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জালাল হোসেনও আহত হন।শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল মনোয়ার জানান, ঘটনাস্থল থেকে আটক কাজী বেলাল, সুব্রত সরকার ও মোহাম্মদ সুমনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে প্রেরণ করা হয়।