সিলেটের জকিগঞ্জে কলেজছাত্রী ঝুমা বেগমকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার বিকেলে জকিগঞ্জ থানায় মামলাটি করেন ঝুমার বাবা মুসলিম আলী। পুলিশ একজনকে আটক করেছে।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ঝুমা বেগম। হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক মফিজউদ্দিন আহমদ গতকাল প্রথম আলোকে বলেন, ঝুমার বাঁ হাতে জখম বেশি। সেখানে একদফা অস্ত্রোপচার করা হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা জানান, মামলার আগে হামলাকারী যুবক বাহার উদ্দিনের বড় ভাই নাসির উদ্দিনকে আটক করেছে পুলিশ। বাহারকেও ধরার চেষ্টা চলছে।
ঝুমা বেগম গতকাল অভিযোগ করেন, তাঁদের বাড়ি উপজেলার রসুলপুর গ্রামে। একই গ্রামের বাহার উদ্দিন (২৪) প্রায় দেড় বছর ধরে তাঁকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের মাধ্যমে একাধিক সালিসও হয়েছে। গত রোববার ছোট ভাইকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরছিলেন তিনি। সঙ্গে তাঁর মা করিমা বেগমও ছিলেন। কালীগঞ্জ বাজারের রাস্তায় হঠাৎ তাঁদের পথ আটকে তাঁকে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যান করলে হাতে থাকা ছুরি দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপান বাহার। এ সময় করিমা বেগমও মারধরের শিকার হন।
ঝুমার মা করিমা বেগম জানান, ইউনিয়ন পরিষদে বিচার দেওয়ার পর পুলিশে জানানোর চিন্তা-ভাবনা করছিলেন তাঁরা। এর আগেই এ হামলার ঘটনা ঘটে।