সিলেটে ছাপাখানা সিলগালা, আটক ৫
সরকারবিরোধী উসকানিমূলক প্রচারপত্র ছাপার দায়ে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় একটি ছাপাখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ লিফলেট ও পোস্টার জব্দ করেছে পুলিশ। এ সময় ছাপাখানাটি সিলগালা করার পাশাপাশি পাঁচজনকে আটক করা হয়েছে।
গতকাল বেলা পাঁচটায় মহানগরের কোতোয়ালি থানা-পুলিশ এ অভিযান চালায়। পুলিশের দুই কর্মকর্তা জানান, সিলগালাকৃত নগরের জিন্দাবাজার এলাকায় আল-মারজান শপিং সেন্টারের তৃতীয় তলার স্টার সিলেট অফসেট প্রেসটি জামায়াত-শিবির নিয়ন্ত্রিত ছিল। এখান থেকে ছাপা হওয়া সরকারবিরোধী লিফলেট, পোস্টারসহ নানা ধরনের প্রচারপত্র দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো।
অভিযানকালে ছাপাখানার ভেতর থেকে সরকারবিরোধী বিপুল পরিমাণ লিফলেট ও পোস্টার উদ্ধার করা হয়। এ সময় পাঁচ কর্মীকে আটক করে পুলিশ। তাঁরা হলেন ছাপাখানার মালিক সাঈদ বক্ত চৌধুরী, ছাপাখানার কর্মী সালমান আহমাদ, সুহেল আহমদ, মিসবাহ-উল করিম ও মনোয়ার।