সিলেটে ছিনতাই ঠেকাতে মাঠে পুলিশের ‘লায়ন্স’ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাই রোধে মহানগর পুলিশ ‘লায়ন্স’ নামের একটি বিশেষ দল গঠন করে মাঠে নেমেছে। ছিনতাই ঠেকাতে তৎপরতা চালানোর পাশাপাশি এক লাখ টাকার অধিক লেনদেনে পুলিশি সহায়তা নিতে বিশেষ প্রচারণাও শুরু করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে ‘লায়ন্স’ দলে মহানগর গোয়েন্দা পুলিশের একজন উপকমিশনার, পুলিশের একজন উপকমিশনার, ছয়জন দক্ষ উপপরিদর্শকসহ ১৪ জন সদস্য রয়েছেন। ‘লায়ন্স’ গত রোববার থেকে গতকাল বুধবার পর্যন্ত আট ছিনতাইকারীকে আটক ও ছিনতাই কাজে ব্যবহূত অস্ত্রসহ একাধিক যানবাহন জব্দ করেছে। জব্দ করা বিভিন্ন অস্ত্র ও যানবাহন গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে প্রদর্শন করা হয় এবং সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানানো হয় ছিনতাই ঠেকাতে ‘লায়ন্স’ গঠনের বিষয়টি। মহানগর পুলিশ সূত্র জানায়, রোববার বিকেলে নগরের দরগাহগেট এলাকায় ট্রান্সকম ডিস্ট্রিবিউশন লিমিটেডের দুই কর্মকর্তাকে ছুরিকাঘাত করে প্রায় ১২ লাখ টাকা ছিনিয়ে নেয় অস্ত্রধারী একদল ছিনতাইকারী। একই দিন দুপুরে জিন্দাবাজার এলাকায় এক ঠিকাদারের কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই করা হয়। শনিবার বিকেলে মহানগরের বিমানবন্দর থানা এলাকায় সিলেট ক্যাডেট কলেজের সামনে এক ব্যবসায়ীকে গুলি করে চার লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। দুই দিনের ব্যবধানে তিনটি ছিনতাইয়ের ঘটনা ছাড়াও এক মাসে নগরে অর্ধশতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। সোমবার থেকে বুধবার পর্যন্ত ‘লায়ন্স’ একাধিক স্থানে অভিযান চালিয়ে আটজন ছিনতাইকারীকে আটক করে। তাদের কাছ থেকে দুটি পিস্তল, ছয়টি গুলি, দেশি অস্ত্র, মুঠোফোন, ছয়টি মোটরসাইকেল ও একটি ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়। গতকাল বিকেলে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে ছিনতাইকাজে ব্যবহূত অস্ত্র ও যান প্রদর্শন করে সংবাদ সম্মেলন করে পুলিশ। সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের উপকমিশনার এজাজ আহমদ বলেন, তিন মাস ছিনতাই নিয়ন্ত্রণের মধ্যে ছিল। সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণা শুরুর সঙ্গে সঙ্গে ছিনতাই বেড়ে যায়। এ অবস্থায় পুলিশ ‘লায়ন্স’ দল গঠন করে তৎপর হয়েছে। শুধু ছিনতাই নয়, নির্বাচনকালীন অপরাধ দমনেও সচেষ্ট থাকবে ‘লায়ন্স’। ‘আর্থিক লেনদেনে পুলিশি সহায়তা নিন’: সিলেট নগরের বিভিন্ন ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠানে এক লাখ টাকার বেশি আর্থিক লেনদেনে পুলিশি সহায়তা নেওয়ার আহ্বান জানিয়ে বিশেষ প্রচারণা চালানো হয়েছে। স্থানীয় কেব্ল টেলিভিশনসহ বিভিন্ন প্রচারমাধ্যমে ‘আর্থিক লেনদেনে পুলিশি সহায়তা নিন—এতে কোনো টাকা দিতে হবে না’ মর্মে প্রচারণা চালানো হয়। এ প্রচারণায় ‘হটলাইন’ (মুঠোফোন নম্বর: ০১৭১৩৩৭৪৫১৭/ ০১৭১৩৩৭৪৩৭৫) খোলা হয়েছে।