সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আহত, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের সুবিদবাজারে গতকাল রোববার ভোরে ছিনতাইকারীদের কবলে পড়েন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জেনিফার রহমান। ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে ব্যাগ ও মুঠোফান নিয়ে যায়। জেনিফারকে আহত অবস্থায় একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরপরই নগরের চৌহাট্টা মোড় থেকে দুলাল মিয়া (২৮) ও সোহেল মিয়া (২২) নামের দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, ভোর ছয়টায় জেনিফার ঢাকা থেকে বাসে সিলেটে পৌঁছান। নগরের সোবহানী ঘাট থেকে তিনি রিকশায় করে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। সুবিদবাজার এলাকায় পৌঁছালে ছিনতাইকরীরা দুটি মোটরসাইকেল নিয়ে তাঁর রিকশার গতিরোধ করে এবং মাথার এক পাশে ও ডান পায়ে ছুরিকাঘাত করে মুঠোফোন ও ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ছিনতাই করে ফেরার পথে চৌহাট্টা মোড়ে তল্লাশি চৌকিতে তল্লাশি করার সময় ছিনতাইকারীদের কাছ থেকে রক্তমাখা একটি ছুরিসহ ছিনতাই হওয়া ব্যাগ, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়। সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) অঞ্জন রায় জানান, আটক হওয়া দুই ছিনতাইকারী সুবিদবাজারে ছিনতাই করার ঘটনা স্বীকার করলে তাদের থানায় আনা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। ছিনতাই হওয়া জিনিসপত্র ছাত্রীর কাছে দেওয়া হয়েছে।