সিলেটে ছিনতাইয়ের দায়ে আট যুবকের কারাদণ্ড, জরিমানা
সিলেটে ছিনতাইয়ের দায়ে আটজন যুবককে আড়াই বছর করে সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিলেটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম (দ্রুত বিচার) মো. আবুল কাশেম গতকাল রোববার এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন মৌলভীবাজার সদরের আবদুল আউয়াল (২৪), আবদুল জলিল (২৫), রউফ চান (২২), শফিকুল ইসলাম (২৬), রাজনগরের নজরুল ইসলাম (৩০), হুমায়ূন রশীদ (২৫), উজ্জ্বল মিয়া (৩০) ও উত্তম কুমার পাল (২৮)। এঁদের মধ্যে উত্তম ও উজ্জ্বল পলাতক। আদালত সূত্র জানায়, সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানার ঠিকাদার মইনুদ্দিন আহমদ ২০১১ সালের ১৬ আগস্ট শ্রমিকদের মজুরি দিতে সাত লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে প্রকল্প এলাকায় যান। দুপুর প্রায় একটায় সার কারখানায় যাওয়ার পথে ফরিদপুরের মাদ্রাসার কাছে আটজন ছিনতাইকারী অস্ত্র দেখিয়ে সাত লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় জনতা আবদুল আউয়াল নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঠিকাদার মইনুদ্দিন এ ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় মামলা করলে পুলিশ আউয়ালের সহযোগী আরও পাঁচজনকে গ্রেপ্তার করে। কিন্তু টাকা নিয়ে দুজন থাকে পলাতক। ফেঞ্চুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আজাদ হোসেন ওই বছরের ২৯ সেপ্টেম্বর আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল আদালত ওই রায় দেন।জাল টাকার ব্যবসার দায়ে কারাদণ্ড: জাল টাকার ব্যবসা করার অপরাধে সিলেট নগরের হাওলাদারপাড়ার বাসিন্দা মোহাম্মদ শহিদ (২৪) নামের এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার সিলেটের যুগ্ম দায়রা জজ (প্রথম) মো. শহিদুল ইসলাম এ রায় দেন। র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৯) একটি দল ২০০৭ সালের ১৩ জানুয়ারি রাতে সিলেট নগরের পীরমহল্লা এলাকা থেকে শহিদকে জাল টাকাসহ আটক করে।