সিলেটে ছুরিকাঘাতে ছাত্র নিহত, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমায় গতকাল সোমবার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আল আমিন (২১) নামের এক ছাত্র নিহত হয়েছেন। সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে এ খবর শুনে তাঁর সহপাঠীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন।

নিহত আল আমিনের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার তকিপুর গ্রামে। তিনি ছাতকের গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, গতকাল বিকেলে আল আমিন ভাগনির যুক্তরাজ্যের ভিসাসংক্রান্ত কাগজপত্র নিয়ে ফেঞ্চুগঞ্জে তাঁর মামা জসিম উদ্দিনের কাছে যাচ্ছিলেন। রাত নয়টার দিকে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তিনি ফেঞ্চুগঞ্জের দিকে রওনা হন। পথে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় কে বা কারা তাঁকে ছুরিকাঘাত করে চলে যায়।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, আল আমিনকে কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে যায় দুর্বৃত্তরা। এ সময় তাঁর চিত্কারে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে ওসি জানান।

এদিকে আজ সকালে কলেজে এসে সহপাঠী নিহত হওয়ার খবর শুনে আবদুল হক স্মৃতি কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন। তাঁরা সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ এলাকায় অবস্থান নিয়ে হত্যাকারীদের শনাক্ত করার দাবিতে মিছিল ও সমাবেশ করেন।