সিলেটে ছুরিকাঘাতে ছাত্রদলের কর্মী খুন
সিলেটে অজ্ঞাতনামাদের ছুরিকাঘাতে মাহমুদ হোসেন শওকত ওরফে সৈকত (২৮) নামে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী খুন হয়েছেন।গত বৃহস্পতিবার রাত প্রায় ১০টায় নগরের শাহজালাল উপশহর এলাকার সড়কের পাশে সৈকত ছুরিকাহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নগরের বাদামবাগিচা এলাকার বাসিন্দা সৈকত ছাত্রদলের জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদের পক্ষের সক্রিয় কর্মী ছিলেন। তাঁকে কারা খুন করেছে—এ বিষয়ে দলীয় নেতা-কর্মীরা নিশ্চিত না হলেও পুলিশের দাবি, অন্তর্দলীয় কোন্দলে সৈকত খুন হয়েছেন। পুলিশ গতকাল শুক্রবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য শাহজালাল উপশহরের ই-ব্লক থেকে মিজান ও ইমরান নামের দুই যুবককে আটক করেছে।পুলিশ জানায়, শাহজালাল উপশহরের মেইল সড়কের একটি রেস্তোরাঁর পাশে সৈকতকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রত্যক্ষদর্শী কয়েকজন পুলিশকে খবর দেন।মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল মনোয়ারের নেতৃত্বে পুলিশ দল সৈকতকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন। গতকাল শুক্রবার দুপুরে সৈকতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের জিমঞ্চায় দেওয়া হয়েছে।নগরের বাদামবাগিচা এলাকায় একটি ভাড়া বাসার বাসিন্দা মৃত তজমঞ্চুল আলীর ছেলে সৈকত ছাত্র না হলেও ছাত্রদলের একটি পক্ষের সক্রিয় কর্মী ছিলেন। তাঁকে কারা, কেন ছুরিকাঘাত করেছে, এ বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পারেনি। তবে সৈকত ছাত্রদলের একটি পক্ষের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় অন্য পক্ষ তাঁকে খুন করতে পারে বলে পুলিশ ধারণা করছে।সৈকতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল চৌধুরী প্রথম আলোকে বলেন, সৈকতের শরীরের বিভিন্ন স্থানে ১৪টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ছাত্রদলের একটি পক্ষের (ইফতেখার) সঙ্গে সংশ্লিষ্ট থাকায় ধারণা করা হচ্ছে, অন্তর্দলীয় কোন্দলে তাঁকে খুন করা হয়েছে। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ বলেন, ‘সৈকত তাঁর পক্ষের একজন কর্মী ছিলেন। প্রায় দুই বছর আগে ছাত্রদলের আরেকটি পক্ষের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তাঁকে কারা, কেন খুন করেছে, এ বিষয়ে আমরা কেউ নিশ্চিত নই। তবে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক।’