সিলেটে ছুরিকাঘাতে যুুবক নিহত, প্রতিবাদে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের জালালাবাদ আবাসিক এলাকায় গত শনিবার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিজান আহমদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মিজানকে ছাত্রদলের কর্মী দাবি করে ওই এলাকায় ক্ষুব্ধ একটি পক্ষ সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মিজান নগরের আম্বরখানা শুভেচ্ছা আবাসিক এলাকার জানু মিয়ার ছেলে। তবে জেলা ও নগর ছাত্রদল মিজানকে সংগঠনের কর্মী পরিচয় দিয়ে এ ঘটনার জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করে।
এলাকার কয়েকজন ও পুলিশ জানায়, শনিবার রাতে দুর্বৃত্তরা মিজানকে ছুরিকাঘাত করে জালালাবাদ এলাকার একটি সেতুর ওপর ফেলে যায়। মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মিজানের মৃত্যুর খবরে ক্ষুব্ধ একদল লোক সিলেট-সুনামগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। তারা জালালাবাদ, সুবিদবাজার ও ফাজিলচিস্ত এলাকার ১০-১২টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে। এ ছাড়া ১৫টি যানবাহন ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে জেলা ও নগর ছাত্রদল নেতারা এক যৌথ বিবৃতিতে মিজান হত্যাকাণ্ডের জন্য ছাত্রলীগের সন্ত্রাসীদের দায়ী করেছেন। তবে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন বলেন, ছাত্রদলের অন্তর্দ্বন্দ্বে এ হত্যকাণ্ড ঘটেছে। এর সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নন।
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি খায়রুল ফজল জানান, দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ তদন্তে নেমেছে।