সিলেটে ছুরিকাঘাতের পর গৃহবধূকে ধর্ষণ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলগাঁও ইউনিয়নে গত সোমবার ভোররাতে ছুরিকাঘাত করে একজন গৃহবধূকে (৩৫) ধর্ষণ করেছে এক দুর্বৃত্ত।এই অভিযোগে একই এলাকার ফরিদ মিয়াকে (৩৫) আসামি করে দক্ষিণ সুরমা থানায় মামলা করেছেন ওই নারী। ধর্ষণের শিকার ওই নারী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শ্যামা মো. ইকবাল হায়াত বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগে করা মামলাটি তদন্তের জন্য একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।ঘটনা সম্পর্কে এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ওই গৃহবধূর স্বামী একজন কাঠমিস্ত্রি। সম্প্রতি গ্রামের এক পক্ষের মামলায় তিনি বর্তমানে জেলহাজতে। এ অবস্থায় তাঁদের দুই মেয়েকে গ্রামের একদল দুর্বৃত্ত উত্ত্যক্ত করে আসছিল। এ ব্যাপারে এক সপ্তাহ আগে ওই গৃহবধূ দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে এলাকাবাসীর অগোচরে দুই মেয়েকে পাশের গ্রামে নানাবাড়িতে রেখে আসেন ওই গৃহবধূ।মামলার এজাহারে বলা হয়, সোমবার ভোররাত প্রায় চারটার দিকে তিন-চারজন দুর্বৃত্ত ঘরের বাইরে অবস্থান নেয়। তাদের একজন ফরিদ মিয়া বেড়া কেটে ঘরে ঢুকে ওই গৃহবধূর দুই মেয়ের খোঁজ করেন। না পেয়ে ফরিদ ওই গৃহবধূর ডান হাতে ছুরি দিয়ে আঘাত করেন। পরে ধর্ষণ করে পালিয়ে যান। গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ফরিদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তাঁর বাবা আবদুল আজিজের সঙ্গে যোগাযোগ করলেও তিনি মুঠোফোন রিসিভ করেননি। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ফরিদ গা ঢাকা দিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টার পাশাপাশি ঘটনার পূর্বশত্রুতার বিষয়টিরও খোঁজ নেওয়া হচ্ছে।