সিলেটে ছড়া-খাল উদ্ধারকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে অবৈধ দখলে থাকা ছড়া-খাল উদ্ধারে অভিযান শুরু হয়েছে গতকাল শুক্রবার থেকে। নগরের সোনারপাড়া এলাকার ভুবিছড়া খাল পরিদর্শনের মাধ্যমে ‘ছড়া-খাল পুনরুদ্ধার কর্মসূচি’ আনুষ্ঠানিকভাবে শুরু করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।ছড়া-খাল উদ্ধারের জন্য ১১ কোটি তিন লাখ টাকার এই ‘ছড়া-খাল পুনরুদ্ধার কর্মসূচি’ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল নগরের সোনারপাড়া এলাকার ভুবিছড়া, সাদিপুর এলাকার হলদিছড়া, বালুচর এলাকার গোয়ালীছড়া, লোহালপাড়া এলাকার মঙ্গলীছড়া ও চৌকিদেখি এলাকার মালনীছড়া পরিদর্শন করেন।এ সময় অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।সিলেট নগরের মাঝ দিয়ে বয়ে গেছে সুরমা নদী। এই নদীর সঙ্গে মিলিত হয়েছে ২৪টি ছড়া-খাল। পাহাড়-টিলা থেকে ঝরনাধারার মতো সমতলে নেমে আসা নালার মধ্যে বড়গুলো স্থানীয়ভাবে ‘ছড়া’ এবং ছোটগুলো ‘খাল’ হিসেবে পরিচিত।বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কথা থাকলেও গতকাল শুধু ছড়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ প্রসঙ্গে সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ছড়া-খাল পরিষ্কার ও মাটি কাটা চলবে। তবে প্রতিটি ছড়া-খাল অবৈধ দখলকারীদের হাত থেকে উদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।