সিলেটে ছড়িয়ে পড়েছে জাল নোট
সিলেট নগরের বিভিন্ন বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠানে জাল নোট ছড়িয়ে পড়েছে। এখানকার দোকানপাটে ইদানীং ব্যাপক হারে জাল নোট পাওয়া যাচ্ছে। প্রতারিত কয়েকজন জানান, ১০০০, ৫০০ ও ১০০ টাকার প্রচলিত নোটের সঙ্গে জাল নোটের পার্থক্য অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় তাঁরা প্রতারণার শিকার হচ্ছেন।বাজারের একাধিক ক্রেতা-বিক্রেতা জানান, অতিসম্প্রতি বিভিন্ন মূল্যমানের নতুন নোট বাজারে এসেছে। পুরোনো নোটের সঙ্গে এসব নোটও জাল হয়ে গেছে। ফলে অনেকেই কোনটা আসল আর কোনটা নকল, তা শনাক্ত করতে পারছেন না। এভাবে জাল নোটের বিস্তারের কারণে প্রতারণার ঘটনা বেড়েছে।জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী রজত দাশ জানান, গত এক সপ্তাহে তাঁর হাতে অন্তত ছয়টি জাল নোট পড়েছে। এ ছাড়া জাল নোট বুঝতে পেরে কয়েকজন ক্রেতার কাছ থেকে তিনি ওই টাকা নেননি। ৫, ১০, ২০ ও ৫০ টাকার জাল নোটও বাজারে পাওয়া যাচ্ছে বলে তিনি জানান।টিলাগড় এলাকার বাসিন্দা আবু হানিফ বলেন, ‘কয়েক দিন আগে আমার পকেটে দুটি ১০০ টাকার জাল নোট আবিষ্কার করি। কোথায় বাজার-সওদা করতে গিয়ে কে যে ওই টাকা আমাকে দিয়েছে, সেটা টের পাইনি। পরে জাল নোট বুঝতে পেরে সেগুলো ছিঁড়ে ফেলেছি।’ নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি ও বেসরকারি ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি না থাকায় অনেক আগে থেকেই জাল নোট দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তবে নতুন টাকা চালু হওয়ার পর সিলেটে নকল নোটের বিস্তার বেড়েছে বলে লোকমুখে শোনা গেলেও ব্যাংকে কোনো জাল নোট ধরা পড়েনি।সিলেটের পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘সিলেটে জাল নোটের বিস্তার বেড়েছে, এ-সম্পর্কিত কোনো তথ্য আমাদের জানা নেই। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় খতিয়ে দেখা হবে। এ ছাড়া জাল নোট তৈরির ক্ষেত্রে কোনো চক্র কাজ করছে কি না, সেটাও খতিয়ে দেখা হবে। তবে ঈদ-পূজাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে আমরা বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় জাল নোট রোধে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে থাকি।’