সিলেটে ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসনসহ ছয় দফা দাবিতে গতকাল রোববার সিলেট এমসি কলেজে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় আন্দোলন মঞ্চ নামের একটি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।গতকাল সকাল ১০টায় গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। বেলা তিনটা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচিতে সংগঠনের আহ্বায়ক সালেহ আহমদ, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, সহিদুজ্জামান পাপলু, বিশ্বপা ভট্টাচার্য, ইউসুফ ওসমান, আরাফাত নোমান, অমিত দাস, সপ্তর্ষি দাস, কাজী রাসেল আহমদ, রিপন ঘোষ প্রমুখ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সভায় সংগঠনের আহ্বায়ক শাহীন আহমদ জানান, গণস্বাক্ষর কর্মসূচি শেষে ২৪ জুন এমসি কলেজসংলগ্ন টিলাগড় পয়েন্টে এবং ২৬ জুন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একই দাবিতে সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে: সেশনজট দূর করতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিকেন্দ্রীকরণের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে সাব-অফিস চালু ও কার্যকর করা, শিক্ষক-শ্রেণীকক্ষ-আবাসন-পরিবহনসংকট দূর করা, ইউজিসির ২০ বছর মেয়াদি কৌশলপত্র বাতিল করা, গবেষণা খাতে পর্যাপ্ত বরাদ্দ প্রদান করা ও লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণ নতুন সংস্করণের বই নিশ্চিত করা, ইন্টারনেট সংযোগ প্রদান করা, অবকাঠামো বৃদ্ধি করে অনার্স কলেজগুলোতে নতুন বিভাগ, প্রিলিমিনারি ও মাস্টার্স কোর্স চালু করা এবং শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন আয়োজন করা।