সিলেটে জমি নিয়ে বিরোধে যুবক খুন
সিলেট নগরের শেখঘাট এলাকায় গত সোমবার রাতে জমি নিয়ে বিরোধের জের ধরে লাকী আহমদ (২২) নামের এক যুবক খুন হয়েছেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের ভাইদের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক লোক একটি জায়গা দখল করতে গেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, পশ্চিম শেখঘাট এলাকার (বাসা নম্বর উত্তরণ ৪৫) মৃত দুদু মিয়ার কিছু জায়গার দখল নিতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. সিকান্দর আলীর ভাই আছকির আলী, জাহাঙ্গীর আলী, আঙুর মিয়া ও বাপ্পী। এরই ধারাবাহিকতায় তাঁরা গত সোমবার বিকেল পাঁচটায় ওই জায়গায় একটি সাইনবোর্ড টাঙান। সাইনবোর্ডে লেখা ছিল ‘এই জায়গার মালিক জয়দীপ ও শামীম’।সন্ধ্যা ছয়টার দিকে ওই সাইনবোর্ডটি খুলে ফেলে দেন মৃত দুদু মিয়ার বড় ছেলে লাকী আহমদ। এরপর রাত সাড়ে ১০টার দিকে সাইনবোর্ড খুলে ফেলায় আছকির আলীসহ তাঁর ভাইয়েরা লাকী আহমদের পরিবারের লোকজনদের শাসান। এ নিয়ে দুই পক্ষের বাগিবতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। এ সময় লাকী আহমদের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে প্রতিপক্ষকে ধাওয়া করলে তাঁরা পালিয়ে যান।রাত ১১টার দিকে আছকির আলী, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলী, আঙুর মিয়া ও বাপ্পীর নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক লোক লাঠি ও রামদা নিয়ে লাকী আহমদের বাসায় হামলা চালায়। তাদের হামলায় লাকী আহমদ, রুহেনা বেগম, নজরুল ইসলাম, নাসির উদ্দিন, শামসুল ইসলাম ও জাকির হোসেন গুরুতর আহত হন। তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত অবস্থায় তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা রাত দুইটার দিকে লাকী আহমদকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই জড়িত সন্দেহে পশ্চিম শেখঘাট এলাকার নাহিদ নামের এক যুবককে আটক করে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অপরাধে আরও পাঁচজনকে আটক করে পুলিশ। তাঁরা হলেন কলাপাড়া এলাকার সুহেল আহমদ, পশ্চিম শেখঘাট এলাকার সাগর আলী, ঝুমন মিয়া, শাহীনুর রহমান ও শাহেদুর রহমান।ঘটনাস্থলে উপস্থিত সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রায়হান আলী সাংবাদিকদের জানান, নিহত লাকী আহমদের মাথায় একটি দায়ের কোপ দেখা গেছে। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ওয়ার্ড কাউন্সিলর মো. সিকান্দর আলীর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ বলেন, এখন পর্যন্ত কেউ মামলা করেনি। তবে এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।