সিলেটে জমি নিয়ে বিরোধের জের ধরে খুন হন ফয়জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে গত ৫ সেপ্টেম্বর সিলেটের জালালাবাদ এলাকার বাসিন্দা কৃষক ফয়জুরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালানোর জন্য লাশটি বসতঘরের একটি কক্ষে দড়িতে ফাঁস লাগানো অবস্থায় ঝুলিয়ে দেওয়া হয়। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার হওয়া দুজন আসামি গত বৃহস্পতিবার স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি দেন। পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।জালালাবাদ থানা সূত্রে জানা গেছে, ৬ সেপ্টেম্বর কৃষক ফয়জুর মিয়া (৩৫) আত্মহত্যা করেছেন বলে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় ফয়জুরের লাশ উদ্ধার করে। দীর্ঘ তদন্ত শেষে গত বুধবার রাতে খুনের অভিযোগে ফয়জুরের প্রতিবেশী আকবর আলী ও তেরা মিয়াকে ওসমানীনগর থেকে আটক করা হয়। গত বৃহস্পতিবার আদালতে তাঁরা ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।আসামিরা বলেন, ফয়জুরের হত্যার সঙ্গে তাঁরা দুজন বাদেও আরও সাতজন অংশ নেন। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার রাতেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এরশাদ আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, লাশ উদ্ধার করার সময়ই ঘটনাটি হত্যাকাণ্ড বলে সন্দেহ হয়েছিল। দীর্ঘ তদন্ত এবং গত বুধবার ওই দুই ব্যক্তিকে আটকের পর আসল সত্য বের হয়ে এল। তিনি আরও জানান, আত্মহত্যার মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।