সিলেটে জলাবদ্ধতায় দুর্ভোগ
সিলেটে গত মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত টানা বৃষ্টি হয়। এতে জলমগ্ন হয়ে পড়ে পুরো নগর। নগরবাসীকে পড়তে হয় চরম ভোগান্তিতে। নগরবাসীর অভিযোগ, সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণে সিটি করপোরেশনের উদাসীনতার কারণেই প্রতিবছর বর্ষা মৌসুমে নগরবাসীকে এ ধরনের সমস্যায় পড়তে হয়। মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, টানা প্রায় চার ঘণ্টার বৃষ্টিতে নগরের সাদিপুর, সেনপাড়া, শিবগঞ্জ, দক্ষিণ বালুচর, টিলাগড়, শাপলাবাগ, লামাপাড়া, গোলাপবাগ, সোনারপাড়া, দেবপাড়া, আগপাড়া, বারুদখানা, রায়নগর, ঝালোপাড়া, বিলপাড়, উপশহর, নাইওরপুল, মীরাবাজার, যতরপুর, ছড়ারপাড়, লালদীঘিরপাড়সহ অন্তত ৫০টি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার বিভিন্ন বাসাবাড়িতে পানি উঠে যাওয়ায় রান্নাবান্নার কাজ বন্ধ হয়ে পড়ে। তাঁতিপাড়া এলাকার বাসিন্দা বশির আহমদ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাট ডুবে যায়। অথচ এ সমস্যা সমাধানে সিটি করপোরেশন কোনো উদ্যোগ নিচ্ছে না। সিলেটের শাল্লা উন্নয়ন পরিষদের আহ্বায়ক মলয় কান্তি সরকার বলেন, জলাবদ্ধতা তো নগরের স্থায়ী সমস্যা, কিন্তু এটার সমাধান হচ্ছে কই? নালা-নর্দমাগুলো ভরাট হয়ে গেছে। পানি সরতে পারছে না।মঙ্গলবার বিভিন্ন সড়কে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি ছিল বলে বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান। তাঁরা আরও বলেন, জলাবদ্ধতার কারণে নগরের মীরাবাজার এলাকার কিশোরীমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবগঞ্জ এলাকার সীমান্তিক কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠে যাওয়ায় পাঠদানে ব্যাঘাত ঘটে।সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান লোদী বলেন, নগরে নালা-নর্দমার পাশাপাশি পানিপ্রবাহের অন্যতম উপায় হচ্ছে নয়টি ছোট-বড় ছড়া ও খাল। কিন্তু সেগুলো বেদখল হয়ে যাওয়ায় পানি ঠিকমতো নেমে যেতে পারছে না। এ ছড়াগুলো উদ্ধারে বিভিন্ন প্রকল্প বর্তমান সরকারের আমলে নেওয়া হলেও সেগুলো যথাযথভাবে কার্যকর হচ্ছে না। সেনপাড়া এলাকার গৃহিণী আঞ্জুমারা আক্তার বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি। রান্নাঘরে পানি উঠে যাওয়ায় আজ (মঙ্গলবার) রান্নাবান্না করতে পারিনি। দুপুর পর্যন্ত না খেয়ে ছিলাম। পরে বাইরে থেকে খাবার কিনে এনে খেয়েছি।’ গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত টানা বৃষ্টি হয়। এতে নগরের বিভিন্ন এলাকায় আবারও জলাবদ্ধতা দেখা দেয়। সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আজাদুর রহমান বলেন, ‘আমার এলাকার হলদিছড়া নামের একটি বড় ছড়া রয়েছে। এটির প্রায় ১৫৭ শতক জায়গা পাকিস্তান আমলে একজন ব্যক্তি নিজের নামে নিয়ে সেখানে বসতি স্থাপন করেন। এতে পানি সরতে পারে না। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে অতিসম্প্রতি সিটি করপোরেশনের প্রচেষ্টায় এবং জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় তিন কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে এ ছড়াটি জেলা প্রশাসনের কাছ থেকে অধিগ্রহণ করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এটা হলে ছড়া উদ্ধার করে পানি অপসারণের সব ব্যবস্থা নেওয়া হবে।’ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক বলেন, নগরে যে পরিমাণ পানি জমা হয়, তা অপসারণের সুযোগ কম থাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে। তবে নগরের বিভিন্ন ছড়া সংস্কারের কাজ চলছে। কাজ শেষ হলে জলাবদ্ধতা চিরতরে নিঃসরণ হবে।