সিলেটে জাগরণের গানে বিমুগ্ধ শ্রোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের তরুণ প্রজন্ম আগামী দিনের বাংলাদেশকে গড়ে তুলবে। আমার দৃষ্টিতে তরুণ প্রজন্মের এখন একটাই কাজ, আর তা হলো যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হওয়া। এ দাবিতে সবাইকে সোচ্চার হতে হবে।’ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডের মুক্তমঞ্চে হাজারো দর্শক-শ্রোতার উপস্থিতিতে জাগরণের গানের অনুষ্ঠানে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন দেশের জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল। এ সময় উপস্থিত তরুণ-তরুণীরা করতালি দিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবির প্রতি সমর্থন জানায়।মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর হওয়ার পর এ ক্যাম্পাসে আমরা বিশাল শোভাযাত্রা করব। এতে সবার আগাম আমন্ত্রণ। তাই এখনই জেগে উঠতে হবে।’এভাবেই কথা-গান-নৃত্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তরুণ প্রজন্ম মেতে উঠেছিল আনন্দ-উচ্ছ্বাসে। শীতের সন্ধ্যায় খোলা আকাশের নিচে বসে-দাঁড়িয়ে উপভোগ করল জাগরণের গান। সেখানে ছিল দেশ গড়ার দৃপ্ত শপথ। শুরুতেই সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ইয়াসমিন হক, শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মো. ইউনূস, সহকারী প্রক্টর মো. ফারুক উদ্দিন, প্রভাষক আবু আউয়াল মোহাম্মদ সোয়েব, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তানভীর রহমান, বাংলালিংক সিলেট অঞ্চলের আঞ্চলিক এসএমই ব্যবস্থাপক ইমরান আহমেদ প্রমুখ। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্য ফারাহ বিনতে সালাউদ্দিন ও খোকন।‘জাগো বাঙালি জাগরণের গানে’ নামে গণসংগীতের সংকলন—জাগরণের গানের শিল্পীরা নয়টি গান পরিবেশন করেন। ঢাকা থেকে আসা জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্রের শিল্পীদের একের পর এক গান, আবৃত্তি ও নাচ সবাইকে উদ্দীপ্ত করে তোলে। শিল্পীরা একে একে গেয়ে শোনান ‘মাঠে মাঠে সোনালি ধান’, হেই সামালো হেই সামালো’, সোনায় মোড়ানো বাংলা’, ‘আমার প্রতিবাদের ভাষা’, ‘তীরহারা এই ঢেউয়ের’, ‘বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ’, ‘আজ যত যুদ্ধবাজ’, ‘ধনধান্য পুষ্পভরা’, ‘আমার সোনার বাংলা’ গানগুলো। গান পরিবেশন করেন জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্রের শিল্পী বিমানচন্দ্র বিশ্বাস, বিজন চন্দ্র মিস্ত্রিসহ অনেকে। আবৃত্তি, গান ও নাচ দিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ ও সিলেট জেলা বন্ধুসভার সদস্যরা অনুষ্ঠানস্থল মাতিয়ে তোলেন। গ্রামীণফোন ও প্রথমা থেকে প্রকাশিত একাত্তরের চিঠি থেকে চিঠি পড়ে শোনান বন্ধুসভার কয়েকজন সদস্য।বাংলালিংক ও প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় অনুষ্ঠিত জাগরণের গানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সিলেটবাসী উপস্থিত ছিল। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছিল সিলেট বন্ধুসভার সভাপতি মাহবুবুর রহমানের সঞ্চালনায় কুইজ প্রতিযোগিতা।