সিলেটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 'গণপ্রার্থনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা, দলটির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও দেশবাসীর কল্যাণ কামনায় সিলেটে গতকাল শুক্রবার ‘গণপ্রার্থনা’ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। জুমার নামাজের পর নগরের কেন্দ্রস্থল কোর্ট পয়েন্টে স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ গণপ্রার্থনা অনুষ্ঠিত হয়।

গণপ্রার্থনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সামসুজ্জামান। এতে আরও অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার, সহসভাপতি শেখ মখন মিয়া, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুজ্জামান চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আবদুল আহাদ খান প্রমুখ। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি করিম ইবনে মোছাব্বির।

গণপ্রার্থনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সামসুজ্জামান বলেন, সরকার সারা দেশকে কারাগারে পরিণত করেছে। এই জিম্মিদশা থেকে মুক্তি পেতে ঈদুল ফিতরের পর আন্দোলনের প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাই।