সিলেটে জাতীয় বাঁশ উদ্যানের উদ্বোধন
বাঁশের চারা রোপণ করে সিলেটে বাংলাদেশের প্রথম জাতীয় বাঁশ উদ্যানের উদ্বোধন করেছেন প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ মিয়া। গত বৃহস্পতিবার দুপুরে মো. ইউনুছ মিয়া উদ্যানের প্রবেশমুখে ফলক উন্মোচনের পর বাঁশের চারা রোপণ করেন। সিলেট বন বিভাগের তত্ত্বাবধানে শহরতলির বিমানবন্দর এলাকায় ফরেস্ট স্কুল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট (এফএসটিআই) চত্বরের তিন একর জায়গাজুড়ে এ উদ্যান প্রতিষ্ঠা করা হয়। পরে উদ্যানে রোপণ করা দুর্লভ ও বিপন্ন দেশি-বিদেশি ২৪ প্রজাতির বাঁশসহ পুরো উদ্যান পরিদর্শন করেন প্রধান বন সংরক্ষক। এ সময় কেন্দ্রীয় বন অধিদপ্তরের বন সংরক্ষক হারাধন বণিক, শফিউল আলম ও সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আবুল বাশার মিয়াসহ বন বিভাগের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজনৈতিক সহিংসতা ও হরতালে নির্বিচারে গাছ কেটে রাস্তায় ফেলা ও বনাঞ্চলে ধংসযজ্ঞ চালানোর ঘটনায় প্রধান বন সংরক্ষক উদ্বেগ প্রকাশ করেন। দেশের সম্পদের প্রতি সব রাজনৈতিক দলের যত্নশীল হওয়া উচিত উল্লেখ করে মো. ইউনুছ মিয়া প্রথম আলোকে বলেন, ‘কোনো রাজনৈতিক দলের হাতিয়ার বনাঞ্চল হতে পারে না। বনাঞ্চল সবার। গাছ কাটলে সবারই সমান ক্ষতি। তাই বন নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে।’