সিলেটে জাতীয় সাহিত্য উৎসব অনুষ্ঠিত
সিলেটে একুশে বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেল চারটা থেকে রাত ১১টা পর্যন্ত নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এ উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের কবি-সাহিত্যিক-শিল্পীরা অংশ নেন। উৎসবে হাজারো দর্শনার্থীর উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়।
বিকেল চারটায় বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রবীণ শিশুসাহিত্যিক তুষার কর। উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন ছড়াকার লুৎফর রহমান রিটন। মোসলেহ্ উদ্দিন বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন লেখক আহমাদ মাযহার। স্বাগত বক্তব্য দেন উৎসব উদ্যাপন পর্ষদের সদস্যসচিব ছড়াকার বশির আহমদ জুয়েল। এ ছাড়া অন্যদের মধ্যে অধ্যাপক প্রশান্ত কুমার সাহা ও সাংস্কৃতিক সংগঠক শামসুল আলম সেলিম বক্তব্য দেন।
উৎসবে ঢাকা, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের কবি-ছড়াকারেরা স্বরচিত লেখাপাঠে অংশ নেন। উদীচী, কিশোরগঞ্জ ছড়া সংসদ, পাঠশালা, সিলেট সাহিত্য পরিষদ, মৃত্তিকায় মহাকাল, সংগীত পরিষদ সিলেট, অমিতাভ ললিতকলা একাডেমি, শ্রুতি, অন্বেষা, ছন্দ নৃত্যালয়, তারুণ্য, নর্থইস্ট কালচারাল ক্লাব, ছড়ানিকেতনসহ বিভিন্ন সংগঠন গান-আবৃত্তি-নৃত্য পরিবেশন করেছে।
সাহিত্যের বিভিন্ন ধারায় অবদান রাখায় উৎসবে তিন গুণীকে সম্মাননা প্রদান করা হয়। এঁরা হলেন শিশুসাহিত্যে তুষার কর, লোকগানে বাউল আবদুর রহমান ও সংগঠক শাহাদত বখ্ত শাহেদ। উৎসব উপলক্ষে ছড়াসাহিত্যের ছোটকাগজ ছন্দালাপ প্রকাশের পাশাপাশি একটি ‘জাতীয় সাহিত্য উৎসব স্মারক’ও প্রকাশিত হয়েছে।