সিলেটে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গতকাল রোববার বিকেলে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনারসহ (এসি) ছয় পুলিশ ও ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ, দলীয় নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, যুদ্ধাপরাধের মামলায় আটক জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রতিবাদে গতকাল বিকেল পৌনে চারটার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। নগরের কোর্ট পয়েন্ট থেকে মিছিল শুরুর সময় একদল পুলিশ মিছিলের পেছনে অবস্থান নেয়। মিছিলটি শেষ হয় চৌহাট্টা মোড়ে এসে। সেখানে আয়োজিত সমাবেশে মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের বক্তৃতা শুরু করার পর শিবিরের কর্মীরা বিচ্ছিন্নভাবে পুলিশের ওপর ঢিল ছুড়তে থাকেন। এতে পুলিশের দুই কনস্টেবল আহত হলে পুলিশ সমাবেশকারীদের ধাওয়া করে। এ সময় কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া চলে। একপর্যায়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সমাবেশ গুটিয়ে আম্বরখানা মোড়ে অবস্থান নিয়ে চৌহাট্টা মোড়ে অবস্থানরত পুলিশের ওপর ঢিল ছোড়া শুরু করেন। এতে মহানগর পুলিশের সহকারী কমিশনার নাজমুল হাসান আহত হলে পুলিশ পাল্টা হামলা চালায়। কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়তে ছুড়তে পুলিশ আম্বরখানা মোড়ে পৌঁছালে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় পুলিশ শিবির ও জামায়াতের পাঁচ নেতা-কর্মীকে আটক করে। পুলিশ ও জামায়াতের নেতা-কর্মীদের সংঘর্ষ চলাকালে নগরের কেন্দ্রস্থলের চৌহাট্টা মোড় প্রায় আধঘণ্টা জনশূন্য হয়ে পড়ে। আশপাশের এলাকার দোকানপাটসহ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। ওই সময় চৌহাট্টা মোড় দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে না পারায় নগরের অন্যান্য স্থানে যানজটের সৃষ্টি হয়। ঘণ্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়।মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, জামায়াত ও শিবিরের কর্মীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এসিসহ মহানগর টহল পুলিশের পরিদর্শক বদরুল আমিন, সিলেট কোতোয়ালি থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক নারায়ণ দত্ত, সহকারী উপপরিদর্শক আখতার হোসেন এবং কনস্টেবল জাহাঙ্গীর ও হাবীব আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকি ৎ সা নিয়েছেন। ঘটনাস্থল থেকে শিবিরের কর্মী এবায়েদুর রহমান ওরফে মাসুদ, শুকুর আলী, আবু তাহির, অলিউর রহমান ও জামায়াতের কর্মী উবায়দুল হককে আটক করা হয়েছে।জামায়াত ও শিবিরের দলীয় সূত্রে জানা গেছে, পুলিশের কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেটের আঘাতে জেলা উত্তর জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি শামসুদ্দিন ও শিবিরের নেতা আনোয়ারুল ওয়াদুদসহ কমপক্ষে ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন।মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা বিক্ষোভ-সমাবেশের আয়োজন করি। পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে।’মহানগর পুলিশের এসি নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, সমাবেশ থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। পুলিশের ওপর হামলা করার জন্য জামায়াত-শিবিরের পূর্বপ্রস্তুতি ছিল বলে মনে হয়েছে।