সিলেটে জামায়াত শিবিরের হামলা প্রতিহত করার ডাক
সিলেটে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর একের পর এক চোরাগোপ্তা হামলার ঘটনায় জামায়াত-শিবিরকে প্রতিহত করতে যৌথ কর্মিসভা আহ্বান করেছে জেলা ও নগর আওয়ামী লীগ। আজ রোববার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এই কর্মিসভা হবে। গত শুক্রবার রাতে জেলা ও নগর কমিটির জরুরি যৌথ সভা থেকে এই কর্মিসভা আহ্বান করা হয়।
দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় জামায়াত-বিএনপির দা-কুড়াল নিয়ে সম্ভাব্য নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবিলা ও সিলেটে জামায়াত-শিবিরের চোরাগোপ্তা হামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি অঞ্জন রায়, মদনমোহন কলেজ ছাত্রলীগের নেতা রাসেল আহমদের আহত হওয়ার ঘটনা নিয়ে আলোচনা হয়। জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী প্রথম আলোকে জানান, বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীসহ জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে কর্মিসভা আহ্বান করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলার সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, নগরের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী, নগরের সাংগঠনিক সম্পাদক এ টি এম হাসান জেবুল, নগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার, সাধারণ সম্পাদক এমরুল হাসানসহ সহযোগী বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।
জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, রক্তের বদলা নিতে সিলেটের আওয়ামী পরিবার প্রস্তুত।
সভায় বিএনপিঘোষিত দা-কুড়াল নিয়ে দেশের শান্তিপ্রিয় জনগণের বিরুদ্ধে কথিত যুদ্ধ ঘোষণার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, এ থেকেই বোঝা যায় বিএনপি জনগণের রায়ে বিশ্বাস করে না। বিএনপি-জামায়াতের সম্ভাব্য নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীসহ দেশের সব শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে উদাত্ত আহ্বান জানানো হয়।
প্রধানমন্ত্রীর ভাষণকে স্বাগত জানিয়ে মিছিল: জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণকে স্বাগত জানিয়ে জেলা ও নগর আওয়ামী লীগ শুক্রবার রাত নয়টায় সিলেট নগরে মিছিল করেছে।