সিলেটে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি গ্রেপ্তার
সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফখরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার বেলা তিনটার দিকে সিলেট মহানগরের শাহপরান থানার পুলিশ শাহজালাল উপশহর এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
ফখরুল জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানের ছোট ভাই।
মহানগর জামায়াতের প্রচার সম্পাদক মো. হাফিজ মিফতাহ উদ্দিন গতকাল সন্ধ্যায় জানান, ফখরুল ইসলামকে আজ রোববারের মধ্যে মুক্তি না দেওয়া হলে কাল সোমবার সিলেট মহানগরে সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করা হবে৷
পুলিশ জানায়, নগরের যতরপুরের বরমচালের বাসিন্দা ফখরুল বেলা তিনটার দিকে বাসা বের হয়ে নগরের উপশহর এলাকা দিয়ে নগরে আসছিলেন। পথে উপশহরের মোড় থেকে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাঁকে সহিংসতা ও পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন জানান, ফখরুলকে আজ রোববার আদালতে পাঠানো হবে।