সিলেটে জাল নোট শনাক্তে ৩০টি যন্ত্র দিল বাংলাদেশ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট অঞ্চলে কোরবানি পশুর হাটে জাল নোট শনাক্ত করতে বাংলাদেশ ব্যাংক ৩০টি যন্ত্র পুলিশ বিভাগকে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম যন্ত্রগুলো হস্তান্তর করেন।

সিলেট রেঞ্জের ডিআইজির পক্ষে জ্যেষ্ঠ সহকারী সুপার খন্দকার আশফাকুজ্জামান ২৫টি এবং মহানগর পুলিশ কমিশনারের পক্ষে বিশেষ শাখার উপপরিদর্শক ওমর সানি ৫টি যন্ত্র গ্রহণ করেন। এ সময় বাংলাদেশ ব্যাংক সিলেটের উপমহাব্যবস্থাপক (ব্যাংকিং) বিনয় ভূষণ দাশ, উপব্যবস্থাপক প্রসূন কান্তি সামন্ত ও সুব্রত সেনাপতি উপস্থিত ছিলেন।

জালনোট শনাক্তকরণ যন্ত্র হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জাল নোট একটি বড় সমস্যা, যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর, সাধারণ জনগণের ভোগান্তির কারণ। দেশে জাল টাকার প্রচলন দিন দিন বেড়ে চলেছে। প্রতারক চক্র থেকে রেহাই পেতে এই যন্ত্র কিছুটা হলেও মানুষের উপকারে আসবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট বিভাগের উপজেলা পর্যায়ে কোরবানি পশুর হাটে পুলিশের পাশাপাশি স্থানীয় ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত থেকে জাল নোট শনাক্তকরণ যন্ত্র দিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সহায়তা করবেন।