সিলেটে জিটিসিএলের পাইপলাইনে ছিদ্র, তেল পড়ছে ধানখেতে
সিলেটের গোলাপগঞ্জে পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) অপরিশোধিত জ্বালানি তেলের পাইপলাইনে ছিদ্র হয়ে বেরিয়ে যাচ্ছে তেল। এলাকাবাসীর মধ্যে ওই তেল সংগ্রহের হিড়িক পড়ে গেছে।এলাকাবাসী জানান, গতকাল বুধবার সকাল থেকে উপজেলার লক্ষ্মণাবন্দ ইউনিয়নের চৌধুরীবাজারে জিটিসিএলের পাইপলাইন ফুটো হয়ে অবিরাম তেল বের হতে থাকে। পাইপের তেল ফসলি জমির ওপর গিয়ে পড়ায় এলাকার মানুষ সেখান থেকে তেল সংগ্রহ শুরু করে।জিটিসিএল কর্তৃপক্ষ পাইপলাইনের ছিদ্র বন্ধ করতে ঘটনাস্থল পরিদর্শন করেছে। কর্তৃপক্ষের ধারণা, কোনো চোর চক্র পাইপলাইন ছিদ্র করেছে।জিটিসিএলের পাইপলাইন পরিদর্শক জেবুল ইসলাম জানান, প্রায় এক কিলোমিটার এলাকায় ধানখেতজুড়ে জ্বালানি তেলের গন্ধ বেরোচ্ছে। উৎস সন্ধান করতে গিয়ে পাইপলাইনে ছিদ্র পাওয়া গেছে।গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক খান জানান, আশপাশের চার-পাঁচটি গ্রামের পাঁচ শতাধিক নারী-পুরুষ সকাল থেকে তেল সংগ্রহ করছে শুনে তিনি সেখানে একদল পুলিশ মোতায়েন করেছেন।বিকেলে যোগাযোগ করলে জিটিসিএলের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আবদুল আহাদ প্রথম আলোকে জানান, চোর চক্র কৌশলে লাইন ছিদ্র করে তেল চুরি করার কারণে এ ঘটনা ঘটেছে।পাইপলাইন মেরামতের জন্য আশুগঞ্জ থেকে কারিগরি দল আসছে জানিয়ে তিনি বলেন, ‘হরতালের কারণে কারিগরি দল পৌঁছাতে দেরি হচ্ছে। ওই দল ছাড়া পাইপলাইনের ছিদ্র মেরামত সম্ভব নয় বলে সেখানে বিশেষ পাহারা বসানো হয়েছে। তবে দুর্ঘটনার আশঙ্কা নেই।’