সিলেটে জিল্লুল হত্যা মামলার অভিযোগপত্রের ওপর নারাজি
দলীয় কোন্দলে নিহত ছাত্রদলের কলেজ শাখার নেতা জিল্লুল হক হত্যা মামলার প্রধান আসামিসহ ১২ জনকে বাদ দিয়ে দাখিল করা অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি দিয়েছেন মামলার বাদী আহমেদ আহসান।
গতকাল বৃহস্পতিবার সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে (প্রথম) নারাজি দাখিল করেন তাঁর পক্ষের আইনজীবী তাহমিনা তাবাসসুম। আদালত নারাজির আবেদন গ্রহণ করে শুনানির জন্য আগামী ১২ মার্চ তারিখ ধার্য করেছেন বলে আইনজীবী জানান।
সিলেট নগরের সুবিদবাজার এলাকার বাসিন্দা জিল্লুল হক ছাত্রদলের গোবিন্দগঞ্জ কলেজ শাখার সভাপতি ছিলেন। গত বছরের ২৭ জুন রাতে নগরের পাঠানটুলা এলাকায় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। দলীয় কোন্দলে এ ঘটনা ঘটায় জিল্লুলের বড় ভাই আহমেদ আহসান নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহবুব কাদির শাহিসহ ২০ জনের বিরুদ্ধে বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কমরউদ্দিন গত ৭ ডিসেম্বর মামলার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে মামলার এজাহারে উল্লিখিত ২০ আসামির মধ্যে প্রধান আসামি মাহবুব কাদিরসহ ১২ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়।