সিলেটে জেলা প্রশাসকসহ তিনজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের (এমএলএসএস) শূন্যপদে লোক নিয়োগে অনিয়মের অভিযোগে জেলা প্রশাসকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার সিলেটের সহকারী জজ আদালতে মামলাটি করেন ওই পদে চাকরিপ্রার্থী চার ব্যক্তি। বাদীপক্ষের আইনজীবী বদরুল হক চৌধুরী জানান, আদালত বিবাদীদের বিরুদ্ধে কারণ দর্শাতে আজ মঙ্গলবার শুনানির তারিখ ধার্য করেছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ে এমএলএসএসের ৪৭টি শূন্যপদে লোক নিয়োগের জন্য গত ২৭ ফেব্রুয়ারি দরখাস্ত আহ্বান করা হয়। ১৫ এপ্রিল লিখিত পরীক্ষা নেওয়ার পরদিনই ফলাফল ঘোষণা করা হয়। নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম, নিয়োগ কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক শামীম আল-রাজি এবং নিয়োগ কমিটির সদস্যসচিব ও রেভিনিউ ডেপুটি কালেক্টরেট (আরডিসি) তারেক মোহাম্মদ জাকারিয়াকে বিবাদী করা হয়েছে।বাদীদের অভিযোগ, অস্বচ্ছ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ, ১৮৮৬ রোল নম্বরধারী পরীক্ষার্থী লিখিত পরীক্ষা না দেওয়া সত্ত্বেও ফলাফলের তালিকায় তাঁকে উত্তীর্ণ দেখানো, নিয়োগ বিজ্ঞপ্তিতে সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হওয়ার শর্ত থাকলেও দুজন প্রার্থীর ক্ষেত্রে তা না মেনে তাঁদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হয়।মামলার চার বাদী হলেন—সিলেটের গোয়াইনঘাটের বাবুল আহমদ, জৈন্তাপুরের আলাউদ্দিন, সিলেট সদরের সেলিম আলী ও লিটন কুমার দে।এ ব্যাপারে জেলা প্রশাসকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে নিয়োগ কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক জানান, এ রকম কোনো মামলার খবর তাঁরা পাননি। তিনি বলেন, ‘নিয়োগ পরীক্ষা নিয়ে কিছু অভিযোগ ওঠায় গত ১৬ এপ্রিল পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়। পাশাপাশি অভিযোগের তদন্ত চলছে।’