সিলেটে জেলা সাংস্কৃতিক কর্মকর্তার অপসারণ চেয়ে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্তের অপসারণের দাবিতে এবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন একাডেমির প্রশিক্ষকেরা। ওই সাংস্কৃতিক কর্মকর্তা অপসারিত না হওয়া পর্যন্ত তাঁরা কোনো প্রশিক্ষণ দেবেন না বলেও স্মারকলিপিতে উল্লেখ করেছেন।
এর আগে ৩ জুন সিলেটের অর্ধশতাধিক সংস্কৃতিকর্মী ওই কর্মকর্তার অপসারণ চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিলেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় একাডেমির সভাপতি ও সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের কাছে প্রশিক্ষকেরা স্মারকলিপি তুলে দেন। একাডেমির মোট ১২ জন প্রশিক্ষক এবং সহকারী প্রশিক্ষকের মধ্যে নয়জন স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন। গত মঙ্গলবার থেকে এসব প্রশিক্ষক অসিত বরণের অপসারণ চেয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রেখেছেন। প্রশিক্ষকেরা স্মারকলিপিতে অভিযোগ করেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা তাঁর প্রাতিষ্ঠানিক কাজের বাইরে গিয়ে প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী-অভিভাবক-সংস্কৃতিকর্মীদের সঙ্গে শিষ্টাচারবহির্ভূত আচরণ করেন। তাঁর ব্যক্তিগত আচরণ, কর্মকর্তাসুলভ হম্বিতম্বি মনোভাব সুস্থ সংস্কৃতিচর্চার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।