সিলেটে ঝুঁকিপূর্ণ সিটি সুপার মার্কেট ভাঙা শুরু

সিলেটে ভূমিকম্পের ঝুঁকিতে থাকা সিটি সুপার মার্কেট ভাঙা শুরু করেছে সিটি করপোরেশন। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে সিটি করপোরেশনের একটি দল ভাঙার কাজ শুরু করে।
এর আগে গত সোমবার দুপুরে মাইকিং করে ভাঙার বিষয়টি ঘোষণা দেওয়া হয়েছিল। ঝুঁকিপূর্ণ সিটি সুপার মার্কেট ভেঙে সেখানে একটি আধুনিক বিপণিবিতান নির্মাণ করার বিষয়টিও ঘোষণা দেওয়া হয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, পৌরসভা থাকাকালে নির্মিত তিন তলাবিশিষ্ট সিটি সুপার মার্কেট ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ ৩২ ইমারতের তালিকায় থাকা একটি। গতকাল বেলা ১১টায় অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত বিপণিবিতানের তৃতীয় তলার দোকান ভাঙা শুরু হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত ১৪টি দোকান ভাঙা হয়। এভাবে ১০৮টি দোকান ভাঙা হবে বলে জানিয়েছে সিটি করপোরেশনের প্রকৌশল শাখা।
ভাঙার কাজ চলাকালে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান জানান, সিটি করপোরেশনের নির্বাহী হাকিম মো. শরীফুজ্জামান, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মামুনুর রহমানসহ সিলেট ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন ব্যবস্থাপক জাবেদ হোসেন মোহাম্মদ তারেকের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি বিশেষ দলের সদস্যরা উপস্থিত ছিলেন। দুই সপ্তাহের মধ্যে ঝুঁকিপূর্ণ সব স্থাপনা অপসারণ করা হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
এর আগে গত ২১ এপ্রিল নগরের তাঁতীপাড়ার তিন তলা একটি বাড়ি ঝুঁকিপূর্ণ তালিকায় থাকায় সিটি করপোরেশন অপসারণ করে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব বলেন, বিপণিবিতানটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটি ভেঙে আধুনিক একটি বিপণিবিতান নির্মাণে সিটি করপোরেশনের মাসিক সভায় সিদ্ধান্ত হয়েছে। নতুন বিপণিবিতান হলে এখানকার ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়া হবে।