সিলেটে ঝুঁকিপূর্ণ সেই বাড়িটি ভাঙছে সিটি করপোরেশন

ভূমিকম্পের ঝুঁকিতে থাকা সিলেট নগরের তাঁতীপাড়ায় তিনতলা সেই বাড়িটি গতকাল বৃহস্পতিবার ভাঙা শুরু করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ ৩২ ভবনের তালিকায় ছিল এটি।
গত মঙ্গলবার সিটি করপোরেশনের পক্ষে ওই বাড়ি থেকে বসবাস গুটাতে মাইকিং করা হয়। ওই দিন বাড়িটি ভেঙে ফেলতে নোটিশও দেওয়া হয়। কিন্তু মালিকপক্ষ নিজেরা সেটি না করায় গতকাল বেলা ১১টার দিকে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার কাজ শুরু করে সিটি কর্তৃপক্ষ।
এ সময় মালিকপক্ষের প্রতিনিধিসহ সিটি করপোরেশনের প্রকৌশল দপ্তরের একটি দল ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, তিনতলা বাড়িটি অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছিল। নির্মাণকালে সংশ্লিষ্ট দপ্তরের কোনো অনুমোদন ছিল না। এ বছরের শুরুতে ভূমিকম্পে বাড়িটি নড়বড়ে হয়ে পড়ে। স্থানীয় লোকজনের মাধ্যমে এ খবর পেয়ে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় বাড়িটি অন্তর্ভুক্ত করে মালিককে নিজ থেকে অপসারণ করতে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু তা না করায় পরে আরও দুই দফা চিঠি দেওয়া হয়। সর্বশেষ বাড়িটি সিটি করপোরেশন ভেঙে ফেলার উদ্যোগ নেয়।
ইমারত ভাঙার ব্যয়ভার পুরোটা মালিক বহন করবেন—এমনটি চূড়ান্ত করে ভবন ভাঙার কাজ শুরু হয়েছে বলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে ৩২টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা রয়েছে। এ তালিকা অনুযায়ী এই বাড়ি ভাঙার কাজ শুরু করা হয়েছে। জনগণের নিরাপত্তার স্বার্থে অন্যান্য ঝুঁকিপূর্ণ ভবন অপসারণেও এ ব্যবস্থা নেওয়া হবে।’
বেলা ১১টা থেকে শুরু হয় বাড়ি ভাঙার কাজ। দুপুরের মধ্যে তিন ভাগের এক ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে জানান সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের কর্মীরা। তাঁরা বলেন, আগামী দুই দিনের মধ্যে পুরো বাড়ি অপসারণ সম্ভব হবে। আশপাশের এলাকার বাসিন্দারা সিটি করপোরেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বাড়ি ভাঙার কাজ স্থানীয় লোকজনই তদারক করছেন।
রইল বাকি ৩১: তাঁতীপাড়ার বাড়িটি অপসারণের পর ঝুঁকিপূর্ণ তালিকায় রইল আরও ৩১টি ভবন। এগুলোর মধ্যে বাসাবাড়ি ছাড়াও সরকারি দপ্তর, বিপণিবিতান ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
সিলেট কালেক্টরেট ভবন-৩, সমবায় ব্যাংক ভবন, মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় ভবন, কাস্টমস ও ভ্যাট কার্যালয়, জেলা এসএ রেকর্ড অফিস, সুরমা মার্কেট, বন্দরবাজার সিটি সুপার মার্কেট, জিন্দাবাজার রহমান প্লাজা, মিতালী ম্যানশন, সিলেট মডেল স্কুল, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, কারিগরি ইনস্টিটিউট, সিলেট অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়, আজমীর হোটেল, সিলেট মদনমোহন কলেজের একটি ভবন, মধুবন মার্কেট, সিটি সুপার মার্কেট ও মান্নান ভিউ রয়েছে ঝুঁকিপূর্ণ তালিকায়। এ ছাড়া এ তালিকায় জিন্দাবাজার, মদিনা মার্কেট, শাহি ঈদগাহ, হযরতপুর, কানিশাইল, চৌকিদেখি, শেখঘাট ও তাঁতীপাড়ায় ১৪টি পাকা ইমারত (বাসা) রয়েছে। এর মধ্যে গতকাল তাঁতীপাড়ার তিনতলা বাড়িটি ভাঙা শুরু হলো।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব জানান, ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা নিয়ে মাঠে তৎপর রয়েছে প্রকৌশল বিভাগের একটি দল। ইতিমধ্যে এসব ভবনে ‘বসবাস করা নিরাপদ নয়’ সাইনবোর্ড সাঁটানো হয়েছে।
এক প্রশ্নের জবাবে এনামুল হাবিব বলেন, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে সিটি করপোরেশন থেকে সর্বাত্মক সহায়তা করা হবে। কেউ অপসারণ কাজের ব্যয় বহন করলে সিটি করপোরেশনের পক্ষ থেকে এ কাজ করে দেওয়া হবে।