সিলেটে টিলায় অভিযান, অবৈধ পাথর তোলা বন্ধ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করে দিয়েছে প্রশাসন। গত সোমবার টিলা ধসে কয়েকজন শ্রমিক হতাহতের ঘটনার পর গতকাল মঙ্গলবার সেখানে অভিযান চালায় প্রশাসন।
বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই টিলা ও এর আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানকালে পাথর উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন ও ১১টি শ্যালো মেশিন জব্দ করে আগুনে পোড়ানো হয়। এ ছাড়া এক পাথরশ্রমিককে আটক করে পুলিশ।
গত সোমবার সকালে টিলা কেটে পাথর উত্তোলন করতে গিয়ে পাথর ও মাটিচাপায় ছয় শ্রমিক নিহত ও তিনজন আহত হন বলে জানান স্থানীয় লোকজন। তবে পুলিশ গতকাল পর্যন্ত দুজনের লাশের সন্ধান পেয়েছে। এ ছাড়া আহত তিনজনের মধ্যে রফিক মিয়া নামের একজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওই ঘটনায় দুজনের লাশের খোঁজ পেয়েছে নেত্রকোনা জেলার পূর্বধলা থানা-পুলিশ। গতকাল সকালে পূর্বধলার কান্দাপাড়া গ্রাম থেকে আবদুল কুদ্দুস ওরফে আসিফ (২৫) ও জারিয়া গ্রাম থেকে খোকন মিয়া (৩৫) নামের দুজন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। পূর্বধলা থানার ওসি অভি রঞ্জন বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলামের নেতৃত্বে গঠিত তদন্ত দল গতকাল সকালে শাহ আরেফিন টিলা এলাকায় যায়। এ সময়েও টিলা কেটে পাথর উত্তোলন চলছিল। বেলা একটার দিকে তদন্ত দল বোমা মেশিন ও শ্যালো মেশিন জব্দ করে পুড়িয়ে দেয়। এরপর পাথর উত্তোলন বন্ধ হয়।
অভিযানকালে জহির মিয়া (৩৫) নামের এক পাথরশ্রমিককে আটক করে পুলিশ। পুলিশ বলেছে, জহিরকে নিহত শ্রমিক ও পাথর উত্তোলনে শ্রমিক নিযুক্তকারীদের সম্পর্কে তথ্য জানতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তিন সদস্যের তদন্ত কমিটির অপর দুজন হলেন নির্বাহী হাকিম জিয়াউল হক চৌধুরী ও কোম্পানীগঞ্জ উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাছুম বিল্লাহ। তাঁদের পরিদর্শনের সময় ভূমিসংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘শ্রমিকদের লাশ খুঁজে বের করে টিলা কাটায় শ্রমিক নিযুক্তকারীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’
নির্দেশনা অনুযায়ী পুলিশ তদন্তকাজ শুরু করেছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলম। তিনি বলেন, প্রাথমিকভাবে দুজনের লাশ সম্পর্কে তথ্য পাওয়ায় পুলিশের পক্ষ থেকে একটি জিডি করে তদন্ত শুরু করা হয়েছে। পরবর্তী সময়ে এটি মামলায় রূপান্তর করা হবে।
দুই পাথর ব্যবসায়ী আ.লীগ-যুবলীগের নেতা: তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, দিনভর ঘটনাস্থল ও আশপাশ পরিদর্শনকালে অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলনে জড়িত দুই ব্যবসায়ীর নাম পাওয়া গেছে। তাঁরা হলেন আনজু মিয়া ও বিল্লাল মিয়া। আনজু পশ্চিম ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও বিল্লাল এই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। সম্পর্কে দুজন বেয়াই। দুজনই ভোলাগঞ্জ পাথর কোয়ারি এলাকার পাথর উত্তোলনকাজের ইজারাদার হিসেবে পরিচিত। এর মধ্যে বিল্লালের বিরুদ্ধে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০১০ সালে মামলা করেছিল পরিবেশ অধিদপ্তর।
এ বিষয়ে জানতে আনজু ও বিল্লালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।