সিলেটে টিসিবির পণ্যের মজুদ শেষ, ভোগান্তিতে ক্রেতারা
সিলেটে পণ্য মজুদ না থাকায় টিসিবির পণ্য বিক্রয়কারী অধিকাংশ প্রতিষ্ঠানে বেচাকেনা বন্ধ রয়েছে। তবে কবে নাগাদ টিসিবির পণ্য আবার বিক্রি শুরু হবে, তাও নিশ্চিত করে ক্রেতাদের বলতে পারছেন না ডিলাররা। ডিলারদের অভিযোগ, রমজানের শুরুতেই টিসিবি পর্যাপ্ত পরিমাণে পণ্য সরবরাহ করতে না পারায় এমন অবস্থা তৈরি হয়েছে।সিলেট নগরের বন্দরবাজার লালবাজার এলাকার টিসিবির পণ্য বিক্রয়কারী-প্রতিষ্ঠান এস এইচ খান অ্যান্ড সন্সে গিয়ে দেখা যায়, একটি লাল কাপড়ে বড় করে ‘ছোলা নাই’ লেখা রয়েছে। ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জাহিদ আহমদ খান বলেন, ‘ক্রেতাদের মধ্যে তেলের চাহিদা সবচেয়ে বেশি। অন্যদিকে চিনি লালচে হওয়ায় কেউ কিনতে চান না। তাই আমরা বাধ্য হয়ে অন্য পণ্যগুলোর সঙ্গে প্যাকেজ সিস্টেমে সব বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। ’ কাগজে আছে, বাস্তবে নেই: ফেঞ্চুগঞ্জ উপজেলায় টিসিবির দুজন ডিলার রয়েছেন বলে জেলা প্রশাসনের ব্যবসা ও বাণিজ্য শাখা সূত্রে জানা গেছে। তবে টিসিবির বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী সরবরাহের অভিযোগ তুলে এই দুটি প্রতিষ্ঠান কোনো ধরনের টিসিবির পণ্য ক্রয়ই করেনি। ফলে উপজেলার মানুষেরা টিসিবিসামগ্রী কিনতে পারছে না। প্রতিষ্ঠান দুটি হচ্ছে: খান ব্রাদার্স ও কুশিয়ারা এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠান দুটির স্বত্বাধিকারী জাহিদ আহমেদ ও জয়নাল আবেদীন জানান, নিম্নমানের খাদ্যসামগ্রী এবং টিসিবি-নির্ধারিত বাজার মূল্য তুলনামূলকভাবে বেশি হওয়ায় তাঁরা পণ্য সংগ্রহ করেননি। মল্লিকপুর এলাকার শ্রমজীবী জামাল মিয়া বলেন, ‘এটা কোনো কথা হলো, সরকার কম দামে জিনিস কেনার সুযোগ করে দিচ্ছে, অথচ ডিলারদের ইচ্ছা-অনিচ্ছার কারণে আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি।’এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, ‘প্রতিষ্ঠান দুটির স্বত্বাধিকারীরা টিসিবির পণ্য কিনবেন না বলে লিখিতভাবে আমাকে জানিয়েছেন। ফলে উপজেলাবাসী কম দামে পণ্য কেনা থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নির্দেশ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ ক্রেতা আছে, পণ্য নেই: বিশ্বনাথ উপজেলায় টিসিবির পণ্য কিনতে ক্রেতারা বিক্রয়কেন্দ্রে ভিড় করছেন। তবে মজুদ না থাকায় ক্রেতারা পণ্য কিনতে পারছেন না বলে অভিযোগ করেছেন। উপজেলার লোকমান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মহব্বত আলী বলেন, ‘আমি তো তেল একেবারেই পাইনি। অন্য মালগুলোও শেষ।’ একই অভিযোগ জেনি টেলিকম অ্যান্ড স্টেশনারির স্বত্বাধিকারী জহুর আলীর। তিনি বলেন, ‘তেল ও খেজুর পাইনি।’সব উপজেলায় একই চিত্র : খোঁজ নিয়ে দেখা গেছে, জেলার সব কটি উপজেলায় একই চিত্র বিরাজ করছে। টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের ভিড় থাকলেও মজুদের অভাবে পণ্য কিনতে পারছে না মানুষজন। টিসিবি কর্তৃক দ্বিতীয় দফা পণ্য সরবরাহ শুরু না হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে ডিলাররা অভিমত ব্যক্ত করেছেন।বিয়ানীবাজারের বাবুল স্টোরের স্বত্বাধিকারী বাবুল আহমদ অভিযোগ করে বলেন, ‘আমাকে ডাল ছাড়া অন্য কোনো পণ্য সরবরাহ করা হয়নি। তাই রাগে-ক্ষোভে ডালও আনিনি।’ বিয়ানীবাজারের ক্ষুদ্র ব্যবসায়ী হাসান আহমদ বলেন, ‘মুখে মুখে শুনি টিসিবির মাল আছে। কিন্তু বাজারে গিয়া দেখি এসব ভুয়া কথা। আসলে কিছুই নাই।’ গোয়াইনঘাট বাজারের লিয়াকত আলী অভিযোগ করে বলেন, ‘দোকানে মালামাল বিক্রির কোনো চার্ট নেই। শুরুর দিকে মাল থাকলেও ডিলাররা বলত মাল নাই। পরে তারা ওই মাল ভুয়া স্বাক্ষর দিয়ে বেশি দামে বিক্রি করত।’ তবে ক্রেতাদের এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন গোয়াইনঘাট উপজেলার মামুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মামুনুর রশীদ। তিনি বলেন, ‘সব পণ্য পাইনি। যেগুলো পেয়েছি, তা সঠিকভাবেই বিক্রি হয়েছে।’ প্রশাসনের ভাষ্য, ‘তদারকি হচ্ছে’: সিলেটের জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান বলেন, ‘শুরুর দিকে ডিলাররা দামের ক্ষেত্রে তারতম্য করেছিল, এখন তা আমরা পুরোপুরি কাটিয়ে উঠেছি। টিসিবি দ্বিতীয় দফা পণ্য সরবরাহ শুরু করলে মানুষের ভোগান্তি অনেকটাই কমে যাবে।’ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) শেরপুর গুদামের প্রধান জসিম উদ্দিন জানান, শুরুর দিকে যেসব প্রতিষ্ঠান নিবন্ধন করেছিল, এর সবগুলোই পর্যাপ্ত সরবরাহ পেয়েছে। শেষদিকে কিছু সমস্যা হয়েছে। আগামী রোববারের মধ্যে দ্বিতীয় দফা টিসিবি পণ্য সরবরাহ করা হবে তিনি জানিয়েছেন। (প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন গোয়াইনঘাট, বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার প্রতিনিধি)