সিলেটে ট্রাক ও দোকানশ্রমিকদের সংঘর্ষ, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কালীঘাট এলাকায় গতকাল বৃহস্পতিবার দোকানশ্রমিকদের সঙ্গে ট্রাকশ্রমিকদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ৩৫টি ট্রাক ভাঙচুর করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা যায়, বেলা সাড়ে তিনটায় কালীঘাট এলাকার রাস্তার ওপর মালবোঝাই ট্রাক রাখা নিয়ে দোকানশ্রমিক এবং ট্রাকশ্রমিকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে উভয় পক্ষ লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে কামাল আহমদ, জাকির হোসেন, শহিদ, কালাম মিয়া, আক্তার হোসেনসহ উভয় পক্ষের ১৫ জন গুরুতর আহত হন। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়টি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরও উত্তেজনা চলছিল। তবে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানসহ কয়েকজন রাজনীতিবিদ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে সবাই শান্ত হয়।
সিলেট কোতোয়ালি থানার ওসি সুহেল আহম্মদ বলেন, ‘তুচ্ছ একটি ঘটনা নিয়ে এ সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।’