সিলেটে ট্রাকচাপায় একই পরিবারের চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনে দেখতে একই পরিবারের চারজন একসঙ্গে রওনা করেছিলেন। তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটিকে দ্রুতগতির একটি ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের চারজন ও চালক নিহত হন। মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে গতকাল বুধবার দুপুরে সিলেটের সিলেট-জকিগঞ্জ সড়কের পাঁচমাইল এলাকায়। নিহত ব্যক্তিরা হলেন সিলেট বন বিভাগের চতুর্থ শ্রেণীর কর্মচারী জেলার গোলাপগঞ্জ উপজেলার কায়স্থগ্রামের হুমায়ূন কবীর ওরফে আফাজ (৩৫), তাঁর মা লাল বানু (৭০), স্ত্রী সালমা বেগম (২৮), স্কুলপড়ুয়া ছেলে রায়হান আহমদ (১১) ও অটোরিকশাচালক লায়েছ আহমদ (২৮)।
ক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কের দুই দিকে প্রায় ছয় কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গোলাপগঞ্জ থানার পুলিশ ও সিলেট মহানগরের মোগলাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেলা একটার দিকে গোলাপগঞ্জগামী দ্রুতগতির একটি ট্রাক (নম্বর ঢাকা মেট্রো-ট-১৪-৬৯৮১) বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে পাশের খালে পড়ে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যান। এ সময় অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে হুমায়ূন কবীর ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকিদের এলাকাবাসীর সহযোগিতায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চারজন মারা যান।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরছালিন জানান, চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। হুমায়ূন কবীরের পরিবার সূত্র জানায়, হুমায়ূন সিলেট বন বিভাগে চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে চাকরি করতেন। নিহত রায়হান কায়স্থ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলেন। হুমায়ূনের বোন রহিমা বেগম জানান, তাঁদের প্রতিবেশী সাজু আহমদের এক ভাইয়ের জন্য কনে দেখার তারিখ ছিল গতকাল। দুপুরে তাঁরা একসঙ্গে সিলেট নগরে কুশিঘাট এলাকায় কনে দেখার জন্য রওনা করেছিলেন। যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
শ্রীমঙ্গলে পুলিশসদস্য নিহত: শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় পুলিশসদস্য আবদুল লতিফ (৫১) কর্তব্যরত অবস্থায় মারা গেছেন। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলার সদর উপজেলার আকুয়া গ্রামে। তিনি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর গ্রামের কাছে একটি ব্যক্তিগত গাড়ি লতিফকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।