সিলেটে ট্রাকচাপায় নিহত ৩, ঢাকায় বাসের ধাক্কায় মারা গেল ১

সিলেটে ও ঢাকা আজ বুধবার সড়ক দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছে।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ বেলা তিনটার দিকে দক্ষিণ সুরমার চণ্ডীপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে ভোরে রাজধানীর যাত্রাবাড়ী সাইনবোর্ড এলাকায় বাসের ধাক্কায় নিহত হয় এক বছর বয়সী এক শিশু। এ সময় শিশুটির মা-ও গুরুতর আহত হন।
সিলেটে নিহত ব্যক্তিদের মধ্যে জাকির হোসেন (৩৮) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তবে অপর দুজনের পরিচয় সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত পাওয়া যায়নি। নিহত জাকির হোসেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর গ্রামের রশিদ আলীর ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়ে একই গ্রামের সোহানা বেগম (৩৫) ও তাঁর ছেলে হাফিজ (১৯) বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল প্রথম আলোকে বলেন, ‘একটি ট্রাক পেছন থেকে সিএনজিচালিত ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। নিহত তিনজনই পুরুষ। তাঁদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।’
ঢাকা থেকে বাড়ি ফেরার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হন পোশাকশ্রমিক মৌসুমি ও তাঁর এক বছর বয়সী ছেলে হৃদয়। এর মধ্যে হৃদয় মারা যায়। আজ ভোরে যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
শিশু হৃদয়ের চাচা টুটন মিয়া বলেন, হৃদয় নেত্রকোনার মদন উপজেলার মাকনা গ্রামের মহিবুলের ছেলে। তাঁর স্ত্রী মৌসুমি আক্তার নারায়ণগঞ্জ বিসিক এলাকাতে একটি পোশাক কারখানায় চাকরি করেন। ঈদের ছুটি নিয়ে ছেলেকে নিয়ে আগে ভাগে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন মৌসুমি। বাস ধাক্কা দেওয়ার পর তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। বর্তমানে মৌসুমি মিরপুর ডেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন।