সিলেট শহরতলির শাহপরান বাইপাস এলাকায় গত বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়ে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেলের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সিলেটে নিহত তিনজন হলেন সিলেট নগরের মেজরটিলা সৈয়দপুরের বাসিন্দা সালমা বেগম (৭০), তাঁর ছেলে হারুনুর রশীদ (৪৫) ও মেয়ে সায়রা খাতুন (২৮)। পাকুন্দিয়ায় নিহত স্কুলছাত্র সাদ্দাম হোসেন (৯) উপজেলার বাহাদিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সালমা বেগম, হারুনুর রশীদ ও সায়রা খাতুন বুধবার রাতে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এক আত্মীয়ের লাশ দাফন করে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন। খাদিম এলাকার শাহপরান বাইপাস সড়কের বিকেএসপি ক্রীড়া কমপ্লেক্সের কাছে পৌঁছলে তাঁদের অটোরিকশাকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলে সালমা ও তাঁর ছেলে হারুনুর রশীদ মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান সায়রা।
শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সি জানান, ওই তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করতে পারেনি।
পাকুন্দিয়া থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বাহাদিয়া উচ্চবিদ্যালয়-সংলগ্ন পাকুন্দিয়া-মির্জাপুর সড়কের বাহাদিয়া এলাকায় একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে হেঁটে আসা সাদ্দামকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন সাদ্দামকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। সাদ্দাম স্থানীয় বাহাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
পাকুন্দিয়া থানার ওসি হাসান আল মামুন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাদ্দামের লাশ উদ্ধার করেছে।