সিলেটে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ তিনজনের মৃত্যু
সিলেটে বিমানবন্দর সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ছাড়া এক যাত্রী আহত হয়েছেন। তাঁরা হলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র আলিমউদ্দিন (২৫), স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মী সুকান্ত সরকার (৪০) এবং ব্যবসায়ী তাজুল ইসলাম (৩৫)। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দর সড়কের সিলেট ক্যাডেট কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী ওই অটোরিকশাটি সিলেট বিমানবন্দর থেকে নগরে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি রাস্তার এক পাশে দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে ধুমড়েমুচড়ে যায়। এতে সুকান্ত ঘটনাস্থলের মারা যান।আম্বরখানা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সালাহ উদ্দিন প্রথম আলোকে জানান, দুর্ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া তিনজনকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে আটটার দিকে আলিমউদ্দিন ও তাজুলের মৃত্যু হয়।