সিলেটে ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে স্ত্রীর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের এক ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে তাঁর স্ত্রী মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করলে আদালতে গতকালই মামলাটি নথিভুক্ত হয়।মামলায় স্ত্রী অভিযোগ করেন, গোলাপগঞ্জের বাসিন্দা মোল্লা তাসলিম হোসেন (৩৫) সিলেট ট্রাফিক বিভাগে সার্জেন্ট পদে কর্তব্যরত থাকায় সিলেট নগরের একটি আবাসিক হোটেলকক্ষ ভাড়া নিয়ে থাকেন। গত ১৩ এপ্রিল তিনি ওই হোটেলকক্ষে গেলে তাসলিম তাঁর কাছে ২০ হাজার টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাসলিম তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে হোটেলকক্ষ থেকে বের করে দেন। মামলায় তিনি স্বামী দ্বারা নির্যাতিত হওয়ার প্রমাণস্বরূপ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে গত ১৪-১৫ এপ্রিল চিকিৎসা নেওয়ার প্রমাণপত্র উপস্থাপন করেন। মামলায় তাসলিমকে সহযোগিতা করায় ঢাকায় কর্তব্যরত একজন নারী পুলিশ কর্মকর্তা ও তাসলিমের ভাইকে অভিযুক্ত করেছেন। স্ত্রী প্রথম আলোকে জানান, তাঁদের দুজনের বাড়ি গোলাপগঞ্জের কাশিয়ানী উপজেলায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ২০০৩ সালের ২৯ মার্চ পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। তাঁদের দুটি কন্যাসন্তান রয়েছে। ২০০৮ সালে তাসলিম জাতিসংঘের শান্তি মিশনে গিয়ে সহকর্মী এক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। দেশে ফেরার পর এ বিষয়ে তিনি বাধা দিলে তাঁকে বিভিন্ন সময় তালাক দেওয়ার হুমকি দিয়ে যৌতুকের জন্য চাপ দেন। এ জন্য মামলায় তিনি ওই নারী পুলিশ কর্মকর্তা ও তাসলিমের এক ভাইকে আসামি করেছেন।মুঠোফোনে যোগাযোগ করলে ট্রাফিক সার্জেন্ট তাসলিম হোটেলকক্ষে কাউকে মারধরের কথা অস্বীকার করেন। তিনি দাবি করেন, পারিবারিক কারণে ২০১০ সালের ৭ মার্চ তিনি স্ত্রীকে তালাক দিয়েছেন। এই ক্ষোভে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে তাঁকে নাজেহাল করা হচ্ছে।