সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারি
ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে গত রোববার বিকেলে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে সিলেট থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনের অগ্রিম টিকিট উদ্ধার করা হয়।আটক ব্যক্তি সাঈদ সিদ্দিকী (৩২) টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র্যাব জানিয়েছে।র্যাব সূত্র জানায়, নগরের দক্ষিণ সুরমা এলাকায় রেলওয়ে স্টেশনসংলগ্ন যমুনা সুপার মার্কেটের ভেতর থেকে গোপন সংবাদের ভিত্তিতে সাঈদ সিদ্দিকীকে র্যাব-৯-এর সদস্যরা আটক করেন। তাঁর বাড়ি কুমিল্লার বরুড়া থানায়। র্যাবের কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদের পর সাঈদকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। একই দিন রাত সাড়ে আটটায় র্যাবের পৃথক একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরের শাহী ঈদগাহ এলাকায় অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত এক ছিনতাইকারীকে আটক করা হয়। আটক ছিনতাইকারী সামছুজ্জামান লিমন (২৪) নগরের হাজারীবাগ এলাকার বাসিন্দা। তাঁকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ওই দিন রাত আটটা থেকে ১০টা পর্যন্ত র্যাবের পৃথক দুটি টহল দল পুলিশের ট্রাফিক সার্জেন্টের সহায়তায় নগরের রিকাবীবাজার এলাকায় অভিযান চালায়।